বাংলাদেশের টেস্ট দুই দিনে শেষ হোক, চান না মারারার প্রধান কিউরেটর

অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজ
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৫৪ রানে গুটিয়ে যাওয়ার পাশাপাশি ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রথম টেস্টেও এমন কিছুর দেখা যেতে পারে বলে ধারণা করছেন অনেকে। দুই দিনেই বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট শেষ হয়ে যাক, এমনটা চান না মারারা ক্রিকেট গ্রাউন্ডের প্রধান কিউরেটর জ্যাক পাভলিচ।

২০০৩ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম সফরে ডারউইনে একটি ম্যাচ খেলেছিলেন খালেদ মাহমুদ সুজন-মাশরাফি বিন মুর্তজারা। ডারউইনে সেই ম্যাচে ইনিংস ও ১৩২ রানে হেরেছিল টাইগাররা। দুই যুগের বেশি সময় পর একই মাঠে টেস্ট খেলবে বাংলাদেশ।

অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, কন্ডিশন সম্পর্কে খুব বেশি ধারণা নেই। কদিন আগে জশ হ্যাজেলউডও জানিয়েছিলেন, মারারার উইকেট কেমন হবে, কন্ডিশনই বা কেমন হবে সেটা সম্পর্কে জানা নেই তাদের। পাভলিচ অবশ্য জানিয়েছেন, প্রথম টেস্টের উইকেট মানসম্মত হবে এবং ব্যাটারদের মতো বোলারদেরও কিছুটা সহায়তা থাকবে।

এ প্রসঙ্গে মারারার প্রধান কিউরেটর বলেন, ‘এমন একটা মানসম্মত পিচ হবে, যেখানে রান উঠবে, বোলাররাও চেষ্টা করলেও কিছু সহায়তা পাবে। এই মুহূর্তে পরীক্ষা-নিরীক্ষা করার মতো কোনো অবস্থায় আমরা নেই, তাই আমরা এমন একটা ভারসাম্যপূর্ণ পিচ হবে, যা সত্যিই খেলার জন্য উপযোগী হয়।’

পাভলিচ আরও যোগ করেন, ‌‌‘আমি আশাবাদী যে একটি মানসম্মত ভালো ব্যাটিং উইকেট পাওয়া যাবে, যেখান থেকে বোলাররাও পরিশ্রম করে কিছু সুবিধা আদায় করে নিতে পারবে। জানি কথাটা গতানুগতিক শোনাচ্ছে, তবু।’

অস্ট্রেলিয়ার কন্ডিশন সবসময়ই সফরকারীদের জন্য কঠিন। গত অ্যাশেজে পার্থ ও মেলবোর্ন টেস্ট দুই দিনেই শেষ হয়েছে। বাংলাদেশের সঙ্গেও এমন কিছুই হতে পারে। সেটার একটা নমুনা দেখা গেছে প্রস্তুতি ম্যাচে। তবে পালভিচের চাওয়া, বাংলাদেশের টেস্ট দুই দিনে শেষ না হোক।

তিনি বলেন, ‘আমরা কখনোই দুই দিনে টেস্ট শেষ হোক, তা চাইব না। তবে সত্যি বলতে, এটি আমাদের হাতেও নেই। আমরা শুধু উইকেট প্রস্তুত করি, আর বাকি কাজটা খেলোয়াড়দের।’

আরো পড়ুন: