২০২৪ সালের নভেম্বরে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব পান সালাহউদ্দিন। বিসিবির সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। এইচপির কোচ হিসেবে আপাতত সেই পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি। তার অধীনে বাংলাদেশ জাতীয় দল বেশ কিছু ঐতিহাসিক সাফল্যও পেয়েছে। এবার জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের দেখভাল করবেন তিনি।
নতুন এই দায়িত্ব নিয়ে সালাহউদ্দিন বলেছেন, 'আমার জাতীয় দলের সাথে যোগাযোগ থাকবে। এমন না যে আমি একেবারেই ওদিক থেকে আলাদা। কারণ এই ছেলেগুলোর সাথে আমাদের একটা সংযোগ থাকবে।'
সালাহউদ্দিন যোগ করেন, 'ভালো একটা যোগাযোগ থাকবে। জাতীয় দলে যারা সাদা বল, লাল বল আছে, তাদের তো কিছু আমাদেরই করাতে হবে। তো আমাদের একটা যোগাযোগ সবসময় থাকবে। আমি কখনো নিজেকে মনে করি না যে আমি জাতীয় দলের বাইরে আছি।'
কোথায় কোচিং করাচ্ছেন সেটা খুব বেশি গুরুত্ব পাচ্ছে না সালাহউদ্দিনের কাছে। তিনি কোচিং করাচ্ছেন এটাই গুরুত্বপূর্ণ। এইচপি দলের ফলাফল নিয়ে চিন্তিত নন এই কোচ। তিনি আশাবাদী আন্তর্জাতিক ক্রিকেট কোন পর্যায়ে আছে এই ব্যাপারে ধারণা পাবেন ক্রিকেটাররা এই সফর থেকে।
সালাহউদ্দিন বলেন, 'এটা এইচপি টিম, তাদেরকে নিয়ে আমাদের অনেক ভবিষ্যতে অনেক বড় পরিকল্পনা আছে। যেহেতু আমাদের দুইটা এইচপি টিম এবার বাইরে যাচ্ছে— একটা অস্ট্রেলিয়াতে যাচ্ছে, একটা সাউথ আফ্রিকাতে যাচ্ছে। তো এটা ছেলেদের জন্য একটা বড় সুযোগ। তারা বুঝতে পারবে তারা আসলে কোথায় আছে, হ্যাঁ, আন্তর্জাতিক ক্রিকেটের কোন অবস্থানে আছে।'