অস্ট্রেলিয়া সফরে ব্যাটিংটাই আমাদের বড় মাথাব্যাথা: আকরাম

বাংলাদেশ ক্রিকেট
আকরাম খান, ক্রিকফ্রেঞ্জি
আকরাম খান, ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
মাস দুয়েক আগেই পাকিস্তানকে ঘরের মাঠে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। সেই সাফল্যের পর আসন্ন অস্ট্রেলিয়া সফর নিয়ে প্রত্যাশা বাড়তে থাকে। কিন্তু জিম্বাবুয়ে সফর যেন সেই প্রত্যাশায় বড়সর একটা ধাক্কা দিয়ে গেছে। টেস্ট ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকা বাংলাদেশ জিম্বাবুয়েতে টেস্ট হেরেছে ইনিংস ব্যবধানে। এমন অপ্রত্যাশিত হারের পরেও অস্ট্রেলিয়া সফরে টাইগারদের নিয়ে আশাবাদী থাকতে চান বাংলাদেশের সাবেক অধিনায়ক আকরাম খান। ব্যাটাররা দায়িত্ব নিয়ে খেললেই ঐতিহাসিক অস্ট্রেলিয়া সফর থেকে দারুণ কিছু নিয়ে ফিরবে বাংলাদেশ, এমনটাই বিশ্বাস আকরামের।

অস্ট্রেলিয়া সফরকে সামনে রেখে মূল একাদশের তিন পেসারকে জিম্বাবুয়ে সফরে বিশ্রাম দিয়েছিল বাংলাদেশ। কিন্তু পুর্ণ শক্তির ব্যাটিং লাইনআপ নিয়েই জিম্বাবুয়ে গিয়েছিল শান্তর দল। সেখানে বেশি হতাশ করেছেন ব্যাটাররা। প্রথম ইনিংসে ১৪০ রানে অলআউট হবার পর দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশ গুঁটিয়ে যায় ১৮৫ রানে। কিছুটা অপরিচিত কন্ডিশনে ব্যাটারদের এমন নাস্তানাবুদ হওয়াটাকেই চিন্তার কারণ মনে করছেন আকরাম। সাবেক এই বোর্ড পরিচালক মনে করেন, ব্যাটাররা ধারাবাহিক হলে অজিদের মাটিতে বাকি কাজটা বোলাররা ভালোভাবেই সামলাতে পারবেন।

সাংবাদিকদের সাথেন আলাপকালে আকরাম বলেন, 'অস্ট্রেলিয়ায় গিয়ে ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে। কিন্তু ওখানে তো ব্যাটিংটা আমাদের জন্য একটা বড় মাথাব্যথা। ধারাবাহিকতা হলো খুবই খারাপ। বোলিং তো আমাদের আগের চেয়ে ভালো। যেমন এক সময় আমরা ব্যাটিংয়ের ওপর নির্ভর করতাম, তেমন এখন বোলাররা অনেক ভালো করছে।'

অস্ট্রেলিয়া সিরিজ প্রসঙ্গে আকরাম যোগ করেন, 'অস্ট্রেলিয়া অনেক কঠিন প্রতিপক্ষ। তারপর উইকেটটাও কিন্তু আমাদের মতো না । তো কঠিন হবে। কিন্তু আপনি কখনোই জানেন না, আমরা তো অনেক আগে অস্ট্রেলিয়াকে হারিয়েছি।'

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়াকেও ওয়ানডে সিরিজ হারানোর স্মৃতি নিয়েই জিম্বাবুয়ে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু র‍্যাঙ্কিংয়ের নিচের দিকে থাকা জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজে ভরাডুবি হয়েছে টাইগারদের। পরিস্থিতির সাথে মানিয়ে ক্রিকেট খেলতে না পারার অদক্ষতাই এসব কন্ডিশনে বাংলাদেশের বাজে পারফরম্যান্সের মূল কারণ বলে মনে করেন ১৯৯৭ আইসিসি ট্রফি জয়ী অধিনায়ক আকরাম।

জিম্বাবুয়ে সফরে বাজে পারফরম্যান্স প্রসঙ্গে আকরাম বলেন, 'একটা সিরিজে প্রথম ম্যাচটা হলো খুব গুরুত্বপূর্ণ এবং প্রথম ম্যাচে টেস্টে গিয়ে আমরা খুব বাজেভাবে হেরেছি। সেটাই কিন্তু আসলে মানসিকভাবে আমরা খুব বেশি ভেঙে পড়েছি। তার মধ্যে আবার ওয়ানডেগুলোও হারলাম। আমার মনে হয় সময়োপযোগী ক্রিকেট আমরা খেলি না যে পরিস্থিতির চাহিদা কী ওই জিনিসটা হলো খুব গুরুত্বপূর্ণ।'

জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজে ইনজুরিতে পড়েন নাহিদ রানা। আসন্ন অস্ট্রেলিয়া সফরে খেলাটাও অনিশ্চিত হয়ে পড়েছে বাংলাদেশের এই পেস গতি তারকার। নাহিদের মতো প্রতিভাকে আরো যত্ন করে ব্যবহার করা উচিৎ বলে মনে করেন আকরাম। অতি ব্যবহারে নাহিদকে হারিয়ে ফেলার শঙ্কাও দেখেন তিনি।

এ প্রসঙ্গে আকরাম বলেন, 'আমাদের বড় সমস্যা হলো আমরা কোনো ম্যাচ হারতে চাই না। আপনার মানে এটা একটা বড় চাপ সবার জন্য। কর্মকর্তাদের বলেন বা খেলোয়াড়দের। এখন এই কারণে সব ম্যাচ যদি নাহিদ রানাকে খেলিয়ে যদি আমরা ওকে হারিয়ে ফেলি এটা কিন্তু একটা বিরাট আমাদের জন্য ক্ষতি হবে।'

আরো পড়ুন: