দ্য হান্ড্রেডের শুরুর অংশে খেলা হচ্ছে না মুস্তাফিজের

জিম্বাবুয়ে-বাংলাদেশ সিরিজ
মুস্তাফিজুর রহমান
মুস্তাফিজুর রহমান
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
জিম্বাবুয়ে সিরিজ থেকে ছিটকে গেলেন মুস্তাফিজুর রহমান। জানা গেছে হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে আগেভাগেই সিরিজ শেষ হয়ে গেছে বাঁহাতি এই পেসারের। সেই সাথে ২০ জুলাই থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট 'দ্য হান্ড্রেড' এর শুরুর অংশও খেলা হচ্ছে না এই পেসারের।

এর ফলে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ ও টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচই মিস করবেন মুস্তাফিজ। বিসিবি ফিজিও বায়েজেদুল ইসলাম জানিয়েছেন মুস্তাফিজের সেরে উঠতে চার সপ্তাহের মতো সময় লাগতে পারে। জুলাই মাসের শেষ দিকে মাঠে ফিরতে পারেন তিনি।

যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে দ্য হান্ড্রেড এর পুরো আসরে খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন মুস্তাফিজ। ২০২৬ সালের ড্রাফটে ১ লাখ পাউন্ড ভিত্তিমূল্যে তাকে দলে ভিড়িয়েছে বার্মিংহাম ফিনিক্স। এর মাধ্যমে দ্য হান্ড্রেডে খেলা প্রথম বাংলাদেশি ক্রিকেটার হতে যাচ্ছেন মুস্তাফিজুর।

তিনি বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় বলেন, 'মুস্তাফিজুর রহমান প্রথম ওয়ানডেতে ম্যাচে বোলিং করার সময় ডান পায়ের পেছনের মাংসপেশিতে একটা চোট নিয়ে উঠে এসেছে। পরবর্তীতে আমরা ৭ তারিখে ওকে একটা স্ক্যান করানো হয়েছে। তো স্ক্যানে ওর গ্রেড ওয়ান মাসল টিয়ার এসেছে ডান হ্যামস্ট্রিং।'

তিনি আরও যোগ করেন, 'একই হাঁটুতে ওর একটু সমস্যা আছে, মিনিস্কাল ডিজেনারেশন আছে । তো আমরা আশা করছি এটা আনুমানিক চার সপ্তাহের আশেপাশে একটা সময়সীমা লাগবে ঠিক হতে। মুস্তাফিজ দেশে ফেরত যাবে, গিয়ে পুনর্বাসন প্রক্রিয়া করবে।'

বৃহস্পতিবার মুস্তাফিজকে ছাড়াই সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেছিল বাংলাদেশ। এই ম্যাচে বাঁহাতি এই পেসারকে ছাড়াই জিম্বাবুয়েকে ২৪৭ রানে আটকে দেয় বাংলাদেশ। তবে ব্যাটারদের ব্যর্থতায় এই ম্যাচে বাংলাদেশ হেরেছে ১৩ রানে। এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে ২৫ রানে হেরেছিল বাংলাদেশ। টানা দুই হারে ইতোমধ্যে সিরিজ হাতছাড়া হয়েছে টাইগারদের।

আরো পড়ুন: