ব্রাদার্স ও অগ্রণী ব্যাংকের ম্যাচটি হওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৪ নম্বর মাঠে। নির্ধারিত সময়ের মধ্যেই মাঠে যান দুই দলের ক্রিকেটাররা। ম্যাচ শুরুর আগে স্বাভাবিকভাবেই ক্রিকেটাররা একটু গা গরম করে নেন। অগ্রণী ব্যাংকের ক্রিকেটারদের ওয়ার্মআপ করতে দেখা গেলেও ছিলেন না ব্রাদার্সের কেউই।
টসের জন্য ব্রাদার্সের অধিনায়ককে ডাকেন আম্পায়ার। তবে তার ডাকে সাড়া দিয়ে মাঠে যাননি দলটির অধিনায়ক। পরবর্তীতে ম্যাচ রেফারি আরও ১০ মিনিট বাড়িয়ে দেন। তবুও টস করতে রাজি হননি ব্রাদার্সের অধিনায়ক। এমন অবস্থায় ওয়াকওভার পেয়েছে অগ্রণী ব্যাংক। অর্থাৎ প্রতিপক্ষ ম্যাচ না খেলায় ২ পয়েন্ট যোগ হয়েছে অগ্রণীর নামের পাশে।
পারিশ্রমিক বকেয়া ব্রাদার্সের ক্রিকেটারদের জন্য নতুন কিছু। গত দেড় দশকে প্রায় প্রতি মৌসুমে শেষেই ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া রাখার কারণে খবরের শিরোনাম হয়েছে ক্লাবটি। গত মৌসুম শেষে পারিশ্রমিকের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দ্বারস্থ হয়েছিলেন ক্রিকেটাররা। লিগ শুরুর আগে আবারও বিষয়টি নিয়ে শঙ্কা ছিল।
যদিও এডহক কমিটি সভাপতি তামিম ইকবাল চেয়েছেন সবার পারিশ্রমিক যেন পরিশোধ করা হয়। অথচ টুর্নামেন্ট চলাকালীনই পারিশ্রমিক না পেয়ে ম্যাচ বয়কট করলেন ব্রাদার্সের ক্রিকেটাররা। চলতি মৌসুমটা একেবারেই ভালো যাচ্ছে না তাদের। এখনো পর্যন্ত ৯ ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছে তারা। ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ১২ নম্বরে অবস্থান করছে ব্রাদার্স।