ষষ্ঠ বোলারের ভাবনায় ওয়ানডে দলে মোসাদ্দেক

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) নিয়মিত পারফর্ম করলেও জাতীয় দলে সুযোগ পাচ্ছিলেন না মোসাদ্দেক হোসেন সৈকত। প্রায় বছর চারেক পর পারফরম্যান্সের প্রতিদান পেলেন স্পিন বোলিং অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে রাখা হয়েছে প্রথম দুই ম্যাচের স্কোয়াডে। হাবিবুল বাশার জানিয়েছেন, মিডল অর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি ষষ্ঠ বোলিংয়ের ভাবনায় তাকে দলে নেওয়া হয়েছে।

ঢাকার ক্লাব ক্রিকেটে বরাবরই পারফর্ম করেন মোসাদ্দেক। ডিপিএলের সবশেষ আসরে আবাহনী লিমিটেডের হয়ে ৪৮.৭০ গড় ও ১০৬.৩৩ স্ট্রাইক রেটে ৪৮৭ রান করেছিলেন তিনি। ডানহাতি স্পিনে নিয়েছিলেন ৩০ উইকেট। এমন পারফরম্যান্সের পর ধারণা করা হচ্ছিল শ্রীলঙ্কা সফরের ওয়ানডে দলে ডাক পাবেন মোসাদ্দেক। তবে সেই সময় তাকে দলে রাখেনি তৎকালীন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

উল্টো দলে না রাখার ব্যাখ্যায় বাংলাদেশের সাবেক অধিনায়ক জানিয়েছিলেন, যত দিন মেহেদী হাসান মিরাজ দলে আছেন, তত দিন মোসাদ্দেকের কোনো সুযোগ নেই। যার ফলে অলরাউন্ড পারফর্ম করেও জাতীয় দলের দরজা খুলেনি মোসাদ্দেকের জন্য। চলতি বছর নিউজিল্যান্ড সিরিজেও ডাক পাওয়ার কথা ছিল তার। এমনকি বিসিএল বাদ দিয়ে তাকে ঢাকাও ডেকে আনা হয়।

যদিও শেষ ম্যাচের স্কোয়াডে যুক্ত করা হয়নি তাকে। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে প্রায় ৪ বছর পর জাতীয় দলে ফিরলেন মোসাদ্দেক। জাতীয় দলে ফেরার সময়টাতে বেশ ছন্দেই আছেন তিনি। আবাহনীর হয়ে এখনো পর্যন্ত ৬ ইনিংসে ৭৭.৫০ গড় ও ১২৯.১৭ স্ট্রাইক রেটে ৩১০ রান করেছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। তাকে কেন দলে নেওয়া হয়েছে সেই ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক।

বাশার বলেন, ‘মোসাদ্দেককে আমরা চিন্তা করছি, যেখানে আফিফ ব্যাটিং করে ছয় নম্বরে, সেখানে মোসাদ্দেক এই মুহূর্তে খুব ভালো ব্যাটিং করছে এবং এই পজিশনে তার স্কিল লেভেলটা আরও বেশি কাজে লাগবে আমাদের জন্য। সে অভিজ্ঞ ক্রিকেটার। আগেও খেলেছে এবং প্রিমিয়ার লিগে খুব ভালো ফর্মে আছে এবং পাশাপাশি অলরাউন্ড সামর্থ্যও আমরা কাজে লাগাতে পারব। তিনি যদি আসেন, আমাদের ভারসাম্য আরও একটু ভালো হয়। আমরা পাঁচজন ব্যাটার নিয়ে খেলি। ছয় নম্বরে বোলারের একটু অভাব অনুভূত করি। আমার মনে হয় মোসাদ্দেক সেই কাজটা খুব ভালোমতো করতে পারবে।’

মোসাদ্দেককে দলে নিতে বাদ দিতে হয়েছে আফিফ হোসেন ধ্রুবকে। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে জাতীয় দলে ফিরলেও প্রত্যাশা মেটাতে পারেননি তিনি। যার ফলে ওয়ানডে দল থেকে বাদ পড়তে হয়েছে তাকে। বিসিবির নতুন নির্বাচক প্যানেল ও টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা হচ্ছে সবাইকে সর্বোচ্চ সুযোগ দেওয়া। আফিফকে কয়েকটি ম্যাচ খেলিয়েই বাদ দেওয়া প্রশ্ন উঠছে কম সুযোগ দেওয়া নিয়ে।

বাশার নিজেও স্বীকার করলেন, আফিফ আরও একটু সুযোগ পেতে পারতেন। তাকে বাদ দেওয়াকে ট্যাকটিক্যাল পরিবর্তন বলছেন বাশার। প্রধান নির্বাচক বলেন, ‘আফিফকেও যথেষ্ট সুযোগ দিয়েছি, আমি বলতে পারব না। আরেকটু বেশি পেতে পারতো সে। তবে এই মুহূর্তে আমরা কিছু ট্যাকটিক্যাল বদল করেছি।’

আরো পড়ুন: