লিপু চাকরি ছাড়ার পর বাংলাদেশের নির্বাচক প্যানেলে বড় রদবদল এসেছে। হাবিবুল বাশার, নাইম ইসলামরা দায়িত্ব নেওয়ার পরই মোসাদ্দেককে জাতীয় দলে সুযোগ করে দিয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই দলে রাখা হয়েছে অলরাউন্ডার মোসাদ্দেককে।
প্রায় চার বছর পর বাংলাদেশের ওয়ানডে দলে ফিরলেন তিনি। ২০২২ সালের আগষ্টে জিম্বাবুয়ের বিপক্ষে জাতীয় দলের হয়ে শেষ ওয়ানডে খেলেছিলেন মোসাদ্দেক। এখনো পর্যন্ত জাতীয় দলের হয়ে ৪৩ ওয়ানডেতে ছয়শর বেশি রান ও ১৭ উইকেট নিয়েছেন। স্পিন বোলিং অলরাউন্ডারের পাশাপাশি ওয়ানডে দলে ফিরেছেন নুরুল হাসান সোহানও। নিউজিল্যান্ডের বিপক্ষে ছিলেন না তিনি।
তাদের দুজনকে জায়গায় দিতে নিউজিল্যান্ড সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছে আফিফ হোসেন ধ্রুব ও মাহিদুল ইসলাম অঙ্কনকে। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে জাতীয় দলে সুযোগ পেলেও পারফরম্যান্সে প্রত্যাশা মেটাতে পারেননি। এমন পরিস্থিতিতে তাদের দুজনকে বাদ দেওয়া হয়েছে। আগামী ৯, ১১ ও ১৪ জুন মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
বাংলাদেশের স্কোয়াড- মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং নাহিদ রানা।