বোলিং অলরাউন্ডারের শূন্যতা পূরণ করবেন সাকলাইন, বিশ্বাস বাশারের

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ
আব্দুল গাফফার সাকলাইন
আব্দুল গাফফার সাকলাইন
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুটি টি-টোয়েন্টির জন্য মঙ্গলবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চমক হিসেবে টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন আব্দুল গাফফার সাকলাইন। পেস বোলিং অলরাউন্ডার হিসেবেই পরিচিত তিনি। পেস বোলিংয়ের সঙ্গে নিচের দিকে এসে দারুণ ব্যাটিংয়ের সামর্থ্য রয়েছে তার।

আর জাতীয় দলেও একজন বোলিং অলরাউন্ডারের ঘাটতি রয়েছে। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে একাধিকবার এই কথা জানানো হয়েছে। জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার মনে করেন সাকলাইন জাতীয় দলের সেই শূন্যতা পূরণ করতে পারবেন। তা ছাড়া তার বর্তমান ফর্মও বড় ভূমিকা রেখেছে তাকে দলে জায়গা দিতে।

দল ঘোষণার পর এক ভিডিও বার্তায় তিনি বলেন, 'আব্দুল গাফফার সাকলাইন—আমরা একজন বোলিং অলরাউন্ডার খুঁজছি। তিনি হয়তো আমাদের সেই বিকল্প হতে পারেন। সেই চিন্তা থেকেই তাকে দলে নেওয়া হয়েছে। আশা করছি, তিনি আমাদের ভবিষ্যতের জন্য সেই বোলিং অলরাউন্ডারের জায়গাটি পূরণ করতে পারবেন। তিনি সম্প্রতি ভালো ফর্মে আছেন, আশা করি তার সেই ফর্ম আমরা কাজে লাগাতে পারব।'

জাতীয় দলের পেসারদের ব্যস্ত সময় কাটছে। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে বিশ্রাম দেয়া হয়েছে পেস ত্রয়ী মুস্তাফিজ-তাসকিন ও নাহিদকে। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে নাহিদকে বিশ্রাম দেয়ার প্রয়োজন ছিল। সেই ভাবনাতেই সাকলাইন ও রিপন মন্ডলকে দলে নেয়া হয়েছে।

এই বিষয়টি জানিয়ে বাশার বলেন, 'অবশ্যই আমরা টি-টোয়েন্টিতে কিছু নতুন মুখ দেখতে চাইছি। এই সুযোগে হয়তো আমরা নাহিদ রানা এবং তাসকিনকে কিছুটা বিশ্রাম দিয়েছি। নাহিদ রানাকে ওয়ানডে ম্যাচের পর অবশ্যই টেস্ট ম্যাচের আগে কিছুটা বিশ্রামের প্রয়োজন ছিল। একই সময়ে টি-টোয়েন্টিতে আমরা কিছু নতুন মুখ পরখ করব। সেই ভাবনা থেকেই আসলে এই দুজনের দলে অন্তর্ভুক্তি।'

রিপনের অন্তর্ভূক্তি নিয়ে বাশার যোগ করেন, 'নিশ্চিতভাবেই রিপন মন্ডল খুব ভালো করছিলেন, এখনও ভালো করছেন। আমরা মনে করছি যে শেষের দিকে ডেথ ওভারে এবং শুরুর দিকেও তার উইকেট নেওয়ার সক্ষমতা আছে, সেটি আমরা ভালোভাবে কাজে লাগাতে পারব।'