জ্বালানি সাশ্রয়ের ভাবনায় বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সব ম্যাচ দিনে

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
নিউজিল্যান্ড সিরিজের সূচি আগেই ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচি অনুযায়ী ওয়ানডে ম্যাচগুলো দুপুর দুটোয় শুরু হওয়ার কথা ছিল। আর দুটি টি-টোয়েন্টি সন্ধ্যা ৬টা ও একটি দুপুর দুটোয় শুরু হওয়ার কথা ছিল।

তবে চলমান জ্বালানি সাশ্রয়ের ভাবনায় ম্যাচের সময়সূচি পরিবর্তন এনেছে বিসিবি। বোর্ড সভা শেষে এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন ওয়ানডে ম্যাচগুলো ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে শুরু করার ভাবনায় আছেন তারা।

আর টি-টোয়েন্টি সব ম্যাচ ২টা বা আড়াইটায় শুরু করার পরিকল্পনা রয়েছে তাদের। চূড়ান্ত হলে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১৩ এপ্রিল ঢাকায় পৌঁছাবে নিউজিল্যান্ড দল। সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল।

এই উদ্যোগের কথা জানিয়ে তামিম বলেন, 'আপনারা জানেন আমাদের বাংলাদেশ সরকার উৎসাহিত করছে যে আমরা যতটুকু বিদ্যুৎ সাশ্রয় করতে পারি। আমরা সবাই মিলে দেশকে যতটা সহায়তা করতে পারি। এসব চিন্তা মাথায় রেখে আমরা নিউজিল্যান্ড সিরিজের ম্যাচের সময় পরিবর্তন করছি। আমরা যতটুকু পারব ফ্লাডলাইট ছাড়া (অর্থাৎ দিনের বেলা) খেলার চেষ্টা করব।'

তিনি আরও বলেন, 'সঠিক টাইমটা আপনাকে বলতে পারছি না তবে একটা ধারণা দিতে পারি। যেমন ওয়ানডে ম্যাচটা হয়তবা ১১ টা বা সাড়ে ১১ টা থেকে শুরু হতে পারে। টি-টোয়েন্টি ম্যাচ হয়তবা দুইটা বা আড়াইটা থেকে হতে পারে। কারণ বিদ্যুৎ সাশ্রয় নিয়ে সরকার যখন সবাইকে উৎসাহিত করছে আমাদের সবারই এটার অংশ হওয়া উচিত। দ্রুতই আপনারা সময়টা পেয়ে যাবেন।'

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হবে ১৭ এপ্রিল মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। একই ভেন্যুতে ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৩ এপ্রিল।

২১ এপ্রিল ঢাকায় থেকে চট্টগ্রামে যাবে দুই দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২৭ এপ্রিল। তারপর ২৯ এপ্রিল মাঠে গড়াবে দ্বিতীয় টি-টোয়েন্টি।

এই দুটি টি-টোয়েন্টি ম্যাচই চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি হবে ঢাকায়। ৩০ এপ্রিল চট্টগ্রাম থেকে ঢাকায় যাবে দুই দল। ২ মে মিরপুরে দুপুর ২টায় শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।

আরো পড়ুন: