সংযুক্ত আরব আমিরাতে হতে পারে নারী এশিয়া কাপ

নারী এশিয়া কাপ
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আগামী ২৮ আগষ্ট থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে পারে নারী এশিয়া কাপ। এখনো পর্যন্ত আনুষ্ঠানিতভাবে ৮ দলের টুর্নামেন্টের সময়সূচি প্রকাশ করেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। যদিও অংশগ্রহণকারী দেশগুলোকে সময়সূচির একটা ধারণা দেওয়া হয়েছে।

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের ষষ্ঠ আসরে অংশ নেবে ৮ দল। বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার সঙ্গে রয়েছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং আয়োজক সংযুক্ত আরব আমিরাত। ক্রিকইনফো জানতে পেরেছে, বোর্ডের অনুমোদন না পাওয়ায় এখনো সূচি ও ভেন্যু প্রকাশ করেনি এসিসি।

বর্তমানে এসিসির চেয়ারম্যানের দায়িত্বে আছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। গত ২২ জুলাই একটি ই-মেইলের মাধ্যমে দলগুলোকে টুর্নামেন্টের লোগো শেয়ার করা হয়েছিল। পাশাপাশি তাদেরকে জানানো হয়েছিল বর্তমানে ভেন্যু চূড়ান্ত করা হচ্ছে।

ধারণা করা হচ্ছে, ২৭ আগষ্ট দলগুলোকে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছাতে পারে। অংশগ্রহণকারী দেশগুলো ভ্রমণ ও লজিস্টিকের অন্যান্য কার্যক্রমের জন্য চূড়ান্ত সময়সূচি চেয়ে এসিসির সঙ্গে যোগাযোগ করেছে। ২ আগষ্ট নারী এশিয়া কাপের জন্য দল ঘোষণা করে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

এসিসি টুর্নামেন্টের সময়সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করায় পরবর্তীতে সেটি সরিয়ে নেওয়া হয়। নারী এশিয়া কাপ শেষে আগামী ১৭ সেপ্টেম্বর পর্দা উঠবে ২০২৬ এশিয়ান গেমসের। জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টের ফাইনাল হবে ২৪ সেপ্টেম্বর।

আরো পড়ুন: