বুধবার সাইফউদ্দিনের বিকল্প হিসেবে আলিস আল ইসলামের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। সাউথ আফ্রিকায় বাংলাদেশ 'এ' দলের হয়ে সিরিজ খেলেছেন আলিস।
সেই সিরিজের পারফরম্যান্সের কারণেই সুযোগ পেয়েছেন আলিস। এর আগে ১৯ সেপ্টেম্বর অনুশীলনের সময় বোলিং করতে গিয়ে ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন সাইফউদ্দিন। এরপর শারীরিক পরীক্ষা ও এমআরআই করানো হলে তার চোট ধরা পড়ে।
বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, সাইফউদ্দিনের সুস্থ হয়ে উঠতে প্রায় তিন সপ্তাহ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এর ফলে বলাই যায় পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন তিনি।
বিসিবির এই ফিজিও সাইফউদ্দিনের চোট নিয়ে বলেছেন, ‘১৯ সেপ্টেম্বর অনুশীলনের সময় বোলিং করার সময় ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথার কথা জানান সাইফউদ্দিন। শারীরিক পরীক্ষা ও এমআরআইয়ের পর চোটটি নিশ্চিত হয়েছে। সুস্থ হয়ে উঠতে তার প্রায় তিন সপ্তাহ পুনর্বাসন প্রয়োজন হবে।'