২০২৫ সালে প্রথমবারের মতো সিনিয়র ক্রিকেট বিশ্বকাপে জায়গা করে নিয়ে ইতোমধ্যেই ইতিহাস গড়েছে ইতালি। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে দেশটির ক্রিকেটে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। এবার তাদের লক্ষ্য ৫০ ওভারের ক্রিকেটে আরও বড় সাফল্য পাওয়া।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের অংশ হিসেবে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ চ্যালেঞ্জ লিগে খেলছে ইতালি। তানজানিয়ায় অনুষ্ঠিত চ্যালেঞ্জ লিগ ‘বি’-তে শীর্ষ দুইয়ে থেকে কোয়ালিফায়ার প্লে-অফে জায়গা করে নিয়েছে তারা। এক ম্যাচ বাকি থাকতেই হংকং, চীনকে ৬ উইকেটে হারিয়ে নিজেদের জায়গা নিশ্চিত করে ইতালি। একই সঙ্গে উগান্ডাও প্লে-অফে উঠেছে।
চ্যালেঞ্জ লিগে এখন পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্স করেছে ইতালি। ১৪ ম্যাচের মধ্যে ১১টিতেই জয় পেয়েছে তারা। একই সঙ্গে ‘বি’ গ্রুপে সবচেয়ে ভালো নেট রানরেটও তাদের। এমন পারফরম্যান্সে ২০২৭ বিশ্বকাপে খেলার স্বপ্ন আরও জোরালো হয়েছে ইতালির।
তবে কোয়ালিফায়ার প্লে-অফ শুধু বিশ্বকাপে যাওয়ার লড়াইয়ের জন্যই গুরুত্বপূর্ণ নয়। এই টুর্নামেন্টে ওয়ানডে মর্যাদা থাকায় এখান থেকেই প্রথমবারের মতো আনুষ্ঠানিক পুরুষদের ওয়ানডে খেলার সুযোগ পাবে ইতালি।
ফলে ডিসেম্বরের ম্যাচগুলো ইতালিয়ান ক্রিকেটের জন্য হতে যাচ্ছে নতুন অধ্যায়ের শুরু। ফুটবলের প্রবল জনপ্রিয়তার মধ্যে ক্রিকেটকে আরও পরিচিত করে তোলার পাশাপাশি আন্তর্জাতিক ৫০ ওভারের ক্রিকেটে নিজেদের অবস্থান শক্ত করার সুযোগও পাবে দলটি। বিশ্বকাপে জায়গা করে নেওয়ার স্বপ্নের পথে এটি হতে পারে ইতালির সবচেয়ে বড় সিড়ি।