প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনের সকালের সেশনে ৫ রানে ব্যাট করছিলেন বাবর। এ সময় হ্যাম্পশায়ারের পেসার ম্যানি লামসডেনের শর্ট অব আ লেংথের একটি বল উঠে এসে তার নিচের হাতের অংশে আঘাত করে। সঙ্গে সঙ্গে ব্যথায় ব্যাট মাটিতে ফেলে দেন বাবর। পরে গ্লাভস খুলে মাঠ থেকে সরে যান তিনি।
এরপর আর ব্যাটিংয়ে ফেরেননি পাকিস্তান অধিনায়ক। ওই সময় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিবৃতিতে বলা হয়, ‘দলের চিকিৎসকের মূল্যায়নের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাবরকে প্রস্তুতি ম্যাচের বাকি অংশ থেকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ১৭ আগস্ট সোমবার হেডিংলিতে পাকিস্তান দলের অনুশীলনে অংশ নেবেন বাবর।’
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে লিডসে পৌঁছেছে পাকিস্তান। সোমবার হেডিংলিতে প্রথমবারের মতো অনুশীলন করেছে সফরকারীরা। অল্প সময়ের জন্য নেটে ব্যাটিং করেছেন বাবর। তবে ব্যাটিংয়ের সময় তেমন কোনো অস্বস্তি চোখে পড়েনি। তবুও তিনি খেলার মতো অবস্থায় আছে কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি।
বাবরের চোট নিয়ে পেসার মোহাম্মদ আব্বাস বলেন, ‘সে খেলবে কি না, সেই সিদ্ধান্ত ম্যাচের দিন নেওয়া হবে। আজ সে কয়েকটি থ্রোডাউন এবং কিছুটা ব্যাটিং অনুশীলন করেছে। কিন্তু এ ব্যাপারে আমাদের চিকিৎসকের পরামর্শই মেনে চলতে হবে।’