বাবরকে ইংলিশ মিডিয়া থেকে দূরে রাখার পরামর্শ রশিদের

ইংল্যান্ড-পাকিস্তান সিরিজ
রশিদ লতিফ ও বাবর আজম, ফাইল ফটো
রশিদ লতিফ ও বাবর আজম, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এরই মধ্যে ইংল্যান্ডে পৌঁছেছে পাকিস্তান। এই সফরে পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে ইংলিশ মিডিয়া থেকে কিছুটা দূরে রাখার পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক রশিদ লতিফ। তার মতে, ইংল্যান্ড সফরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) উচিত বাবরের বদলে সাবেক অধিনায়ক শান মাসুদকে বেশি করে সংবাদমাধ্যমের সামনে পাঠানো।

আগামী ১৯ আগস্ট লিডসের হেডিংলিতে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ১৯৯২, ১৯৯৬ ও ২০০১ সালে পাকিস্তানের হয়ে ইংল্যান্ড সফর করা রশিদ মনে করেন, ইংলিশ মিডিয়ার অতিরিক্ত নজর থেকে বাবরকে দূরে রাখাই ভালো। অপ্রয়োজনীয় খবর থেকে বিরত থেকে খেলা সম্পূর্ণ মনযোগ রাখতে এর বিকল্প নেই বলেও মনে করেন সাবেক এই অধিনায়ক।

জিও নিউজের অনুষ্ঠান ‘স্কোর’-এ রশিদ বলেন, 'ইংল্যান্ড সফর কঠিন একটি পরীক্ষা। ইংলিশ মিডিয়া প্রায়ই সফরকারী দলগুলোকে অপ্রয়োজনীয়ভাবে বিভিন্ন খবরের সঙ্গে জড়িয়ে ফেলার চেষ্টা করে।'

বাবরকে নিয়ে ইংলিশ মিডিয়ার বাড়তি আগ্রহ থাকবে বলেও মনে করেন সাবেক এই উইকেটকিপার-ব্যাটার। তাই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার ক্ষেত্রে শান মাসুদকে বেশি সুযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

রশিদ বলেন, 'বাবর আজম অভিজ্ঞ একজন ক্রিকেটার। তাই পিসিবি ব্যবস্থাপনার জন্য ভালো হবে যদি তাকে ইংলিশ মিডিয়া থেকে দূরে রাখা হয় এবং সাবেক অধিনায়ক শান মাসুদকে বেশি করে তাদের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হয়।'

শানের ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতা রয়েছে এবং সেখানকার মিডিয়ার সঙ্গে কীভাবে কাজ করতে হয়, সেটিও তিনি ভালোভাবে জানেন বলে মনে করেন রশিদ। তিনি বলেন, 'শান ইংল্যান্ডে খেলেছে এবং ইংলিশ মিডিয়ার সঙ্গে কথা বলার ক্ষেত্রে তার অভিজ্ঞতাও বেশি।'

বাবর ও শানের পাশাপাশি ইমাম-উল-হক এবং মোহাম্মদ আব্বাসকেও সংবাদমাধ্যমের সামনে পাকিস্তানের প্রতিনিধিত্ব করার জন্য উপযুক্ত মনে করেন রশিদ।

২০২০ সালের পর এবারই প্রথম ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে পাকিস্তান। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রের অংশ। ১৯ আগস্ট হেডিংলিতে প্রথম টেস্ট দিয়ে শুরু হবে সিরিজ। এরপর ২৭ আগস্ট লর্ডসে দ্বিতীয় টেস্ট এবং ৯ সেপ্টেম্বর বার্মিংহামের এজবাস্টনে তৃতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে। সিরিজ শুরুর আগে প্রস্তুতির অংশ হিসেবে ১২ থেকে ১৫ আগস্ট একটি নির্বাচিত একাদশের বিপক্ষে চার দিনের প্রস্তুতি ম্যাচও খেলবে পাকিস্তান।

আরো পড়ুন: