নেসারকে কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। ফলে বাংলাদেশের বিপক্ষে সিরিজে তার খেলা হচ্ছে না। তবে দুই মাস পর সাউথ আফ্রিকা সফরের আগে পুরোপুরি সেরে ওঠার আশা করছে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট।
এর মধ্যেই আরেকটি দুশ্চিন্তার খবর এসেছে অস্ট্রেলিয়া শিবিরে। অনুশীলনের সময় পিঠে অস্বস্তি অনুভব করে মাঠ ছাড়েন জশ ইংলিস। যদিও তার চোট গুরুতর নয় বলেই ধারণা করা হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যেই তিনি সুস্থ হয়ে নির্বাচনের জন্য প্রস্তুত হতে পারবেন বলে আশা করা হচ্ছে।
ব্রিসবেনে লাল বলের প্রস্তুতি শিবিরে অংশ নিচ্ছে অস্ট্রেলিয়া। জানুয়ারির শুরুতে সিডনিতে শেষ টেস্ট খেলার পর এবারই দীর্ঘ সংস্করণের ক্রিকেটে ফিরছে তারা। বাংলাদেশের বিপক্ষে সিরিজকে সামনে রেখে ব্যাটিং ও বোলিং- দুই বিভাগেই নিবিড় প্রস্তুতি চালিয়ে যাচ্ছে দল।
অনুশীলন ম্যাচে ব্যাট হাতে আস্থার ইঙ্গিত দিয়েছেন মার্নাস লাবুশেন। ৬২ রান করার পর অন্যদের সুযোগ দিতে তিনি স্বেচ্ছায় মাঠ ছাড়েন। উদ্বোধনী ব্যাটার জেক ওয়েদারাল্ডও করেন ৫২ রান। পরে নাথান লায়নের বলে উইকেটরক্ষকের সহায়তায় বিদায় নেন তিনি।
গত বছরের শেষ দিকে পায়ের পেছনের পেশিতে গুরুতর চোট পাওয়ার পর এই প্রথম প্রতিযোগিতামূলক অনুশীলনে বোলিং করেন লায়ন। ফিরে তিনটি উইকেট নেন এই অভিজ্ঞ স্পিনার। অন্যদিকে অধিনায়ক প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও স্কট বোল্যান্ডও অনুশীলনে পূর্ণমাত্রায় বোলিং করেছেন।