ঘোষিত দলে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে স্যাম কনস্টাস, জশ ফিলিপ ও কার্টিস প্যাটারসনের। পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সুযোগ পেয়েছেন ক্যাম্পবেল কেলাওয়ে, কোরি রকিচিওলি ও টম রজার্স। দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন টিম নিলসেন। সহকারী কোচ হিসেবে থাকবেন স্টিভেন ক্রুক।
ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে সোনিয়া থম্পসন বলেন, 'বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচটি আমাদের ক্রিকেটারদের উন্নয়ন কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ। আন্তর্জাতিক প্রতিপক্ষের বিপক্ষে প্রতিযোগিতামূলক পরিবেশে নিজেদের পরীক্ষা করার পাশাপাশি ক্রিকেটারদের বিকাশে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'
তিনি আরও বলেন, 'টিম নিলসেন ও স্টিভেন ক্রুকের নেতৃত্বে এই কর্মসূচি ক্রিকেটারদের পাশাপাশি কোচদের জন্যও মূল্যবান অভিজ্ঞতা এনে দেবে। অস্ট্রেলিয়ার ক্রিকেটে প্রতিভা মূল্যায়ন ও বিকাশের ধারাবাহিকতায় আরও বড় পরিসরের ক্রিকেটারদের প্রতিযোগিতামূলক ক্রিকেটের অভিজ্ঞতা দেয়ার সুযোগ তৈরি করবে এই উদ্যোগ।'
আগামী ৪ আগস্ট ডারউইনে একত্রিত হবে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। এরপর ৬ থেকে ৮ আগস্ট পর্যন্ত বাংলাদেশ দলের বিপক্ষে তিন দিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে। প্রতিদিন স্থানীয় সময় সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খেলা চলবে।
ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ- ক্যাম্পবেল কেলাওয়ে, ক্যাম্পবেল থম্পসন, কোরি রকিচিওলি, হ্যানো জেকবস, জেক ডোরান, জেরসিস ওয়াদিয়া, জশ ফিলিপ, কার্টিস প্যাটারসন, স্যাম কনস্টাস, টিগ ওয়াইলি, টম মেনজিস, টম রজার্স, জেভিয়ার ক্রোন, নোয়া ম্যাকফাডিয়েন।