ইংল্যান্ডের টেস্ট কোচ হিসেবে ল্যাঙ্গারকেই এগিয়ে রাখলেন লেহম্যান

ইংল্যান্ড ক্রিকেট
জাস্টিন ল্যাঙ্গার, ফাইল ফটো
জাস্টিন ল্যাঙ্গার, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ইংল্যান্ডের নতুন টেস্ট কোচ হিসেবে সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার ও কোচ জাস্টিন ল্যাঙ্গারকে দেখতে চান ড্যারেন লেহম্যান। নর্থ্যাম্পটনশায়ারের প্রধান কোচ মনে করেন, দায়িত্ব পেলে ইংল্যান্ডকে ভালোভাবেই সামলাতে পারবেন তাঁর সাবেক সতীর্থ।

নিউজিল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হারের পর টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান ব্রেন্ডন ম্যাককালাম। এরপর থেকেই নতুন কোচ খুঁজছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তবে লেহম্যান জানিয়েছেন, ইংল্যান্ডের কোচ হওয়ার বিষয়ে তাঁর সঙ্গে এখন পর্যন্ত কোনো যোগাযোগ করা হয়নি।

স্কাই স্পোর্টসকে তিনি বলেন, ‘নর্থ্যাম্পটনশায়ারের কোচ হিসেবে আমি খুবই খুশি। ইসিবির কাছ থেকে কোনো ফোন পাইনি। অবশ্য এমন প্রস্তাব এলে শুনতাম। তবে আমার মনে হয়, তারা ইতোমধ্যেই নিজেদের পছন্দের মানুষ ঠিক করে ফেলেছে। আন্তর্জাতিক মৌসুমের মাঝপথে কাউকে সরানো মানে নিশ্চয়ই বিকল্প হিসেবে কাউকে ভেবেই রেখেছে।’

সম্প্রতি লেহম্যানের অধীনেই নর্থ্যাম্পটনশায়ার তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি ব্লাস্টের শিরোপা জিতেছে। গত ১৮ জুলাই বার্মিংহামে অনুষ্ঠিত ফাইনালে তারা হারায় হ্যাম্পশায়ার হকসকে।

ইংল্যান্ডের কোচ হওয়ার দৌড়ে ল্যাঙ্গারের নামও আলোচনায় রয়েছে। অ্যান্ডি ফ্লাওয়ার দায়িত্ব নিতে আগ্রহ না দেখানোর পর সংক্ষিপ্ত তালিকায় থাকা অন্যতম নাম তিনি।

ল্যাঙ্গারকে নিয়ে লেহম্যান বলেন, ‘যদি সে এই দায়িত্ব নেয়, তাহলে দারুণ একজন কোচ হবে। যে-ই দায়িত্ব পাক না কেন, ইংল্যান্ডের দলে অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে। কাউন্টি ক্রিকেটেও আমি বেশ কয়েকজন ভালো খেলোয়াড় দেখছি।’

অস্ট্রেলিয়ার কোচ হিসেবে ল্যাঙ্গারের সময়টা ছিল বেশ সফল। ‘স্যান্ডপেপারগেট’ কেলেঙ্কারির পর তিনি দলকে নতুনভাবে গড়ে তোলেন এবং বিশ্বের অন্যতম সেরা টেস্ট দলে পরিণত করেন। ২০১৯ সালে ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ ধরে রাখার পর ২০২২ সালে ঘরের মাঠে ৪-০ ব্যবধানে অ্যাশেজ জিতেছিল তাঁর অধীনেই অস্ট্রেলিয়া।

ল্যাঙ্গার ছাড়াও ইংল্যান্ডের নতুন টেস্ট কোচ হওয়ার সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন জোনাথন ট্রট, স্টিফেন ফ্লেমিং, রিচার্ড ডসন ও কুমার সাঙ্গাকারা।

আরো পড়ুন: