বিসিসিআইয়ের ওপর বিরক্ত গম্ভীর

ভারত ক্রিকেট
শুভমান গিল এবং গৌতম গম্ভীর, ফাইল ফটো
শুভমান গিল এবং গৌতম গম্ভীর, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। ৩১ মে শেষ হচ্ছে আইপিএল, আর তার মাত্র ছয় দিন পর ৬ জুন আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ রয়েছে ভারতের। এত অল্প ব্যবধানে দুই বড় প্রতিযোগিতার মাঝে সূচি থাকায় তৈরি হয়েছে উদ্বেগ।

বিশেষজ্ঞদের মতে, আইপিএলের মতো দীর্ঘ প্রতিযোগিতার পর ক্রিকেটারদের পর্যাপ্ত বিশ্রাম প্রয়োজন। ভারতের পরবর্তী লক্ষ্য ২০২৭ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং এক দিনের বিশ্বকাপ। সেই কারণে আইপিএল শেষে দ্রুত টেস্ট খেলানো নিয়ে বাড়তি সতর্কতা নেয়া হচ্ছে। আফগানিস্তানের বিপক্ষে এই টেস্টটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হওয়ায় এর ফলাফল খুব বেশি প্রভাব ফেলবে না।

এই পরিস্থিতিতে দল পরিচালনা নিয়ে গম্ভীর শিবিরে অসন্তোষ দেখা দিয়েছে। ভারতীয় ক্রিকেট দলের এক সূত্র জানিয়েছে, 'আইপিএল ফাইনাল ও আফগানিস্তান টেস্টের মধ্যে খুব কম ব্যবধান। তাই নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট ক্রিকেটারদের উপর অতিরিক্ত চাপ দিতে চাইছে না। সামনে এক দিনের সিরিজ এবং ইংল্যান্ড সফরও রয়েছে, তাই পুরো বছরজুড়েই খেলার চাপ বিবেচনায় রাখা হচ্ছে।'

সূত্র আরও জানিয়েছে, এই টেস্টে একাধিক তারকা ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা রয়েছে। তাঁদের মধ্যে থাকতে পারেন শুভমান গিল, জসপ্রিত বুমরাহ, লোকেশ রাহুল এবং মোহম্মদ সিরাজ। তাদের জায়গায় সুযোগ পেতে পারেন গুরনুর ব্রার, মানব সুথার, আকিব নবী, দেবদুত পাড়িকাল ও সরফরাজ খানের মতো ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা খেলোয়াড়রা।

তবে সবকিছুই নির্ভর করছে আইপিএলের শেষ পর্বের ফলাফলের উপর। যদি কিছু দল প্লে-অফে না পৌঁছায়, তাহলে তারকা ক্রিকেটাররা আগে থেকেই বিশ্রাম পাওয়ার সুযোগ পাবেন। সে ক্ষেত্রে আফগানিস্তান টেস্টে তাদের খেলানোর সম্ভাবনাও তৈরি হতে পারে।

সবশেষ সিদ্ধান্ত নির্ভর করবে কোচ গৌতম গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগারকারের উপর। দল গঠনের ক্ষেত্রে খেলোয়াড়দের শারীরিক চাপ ও দীর্ঘমেয়াদি লক্ষ্য, দুই দিকই সমান গুরুত্ব পাচ্ছে বলে জানা গেছে।

আরো পড়ুন: