সাম্প্রতিক ফর্মটা ভালো যাচ্ছিলো না ফখরের। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বেশ ধুঁকছিলেন নিজের ব্যাটিং নিয়ে। বিশ্বকাপে গিয়েও প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি। তবে বিশ্বকাপের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৮৪ রানের ইনিংস খেলে ছন্দে ফেরার ইঙ্গিত দেন। তবুও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আর না খেলার সিদ্ধান্ত তখনও মাথায় ছিলো তার।
তবে ফখর জানালেন, প্রাথমিকভাবে সেই চিন্তা থাকলেও সেখান থেকে সরে এসেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকার ফখর বলেন, 'বিশ্বকাপের পর আমি টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলাম। যাই হোক, আমি এখন আর অবসর নিতে চাই না। আমি আমার ক্যারিয়ার আরো সমৃদ্ধ করে তবেই শেষ করতে চাই।'
পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ১২০ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাঠে নেমেছেন এই ওপেনার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই হাজার ৪৯৪ করেছেন ১৩২.৫২ স্ট্রাইকরেটে। আছে ১৪ টি অর্ধশতকও।
চলমান পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিয়েই ব্যাট হাতে ছন্দে ফেরার সুযোগ ছিলো ফখরের। টুর্নামেন্টের শুরুটাও হয়েছিলো ভালো। হায়দরাবাদ কিংসম্যানের বিপক্ষে অর্ধশতক হাকিয়ে টুর্নামেন্ট শুরু করলেও পরের ম্যাচেই ধাক্কা খায় ফখরের এবারের পিএসএল যাত্রা।
করাচি কিংসের বিপক্ষে ম্যাচের শেষ ওভারে বল টেম্পারিং করার অভিযোগে দুই ম্যাচে নিষিদ্ধ হবার শাস্তি ভোগ করছেন ফখর। সেই শাস্তির বিরুদ্ধে তিনি আপিল করলেও খারিজ হয় সেটি।