আফগানিস্তানকে বিদায় করে সুপার এইটে নিউজিল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপ
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
রাচিন রবীন্দ্র এবং গ্লেন ফিলিপসের ঝড়ো হাফ সেঞ্চুরিতে কানাডার বিপক্ষে অনায়াস জয় পেয়েছে নিউজিল্যান্ড। এই জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠে গেল নিউজিল্যান্ড। ফলে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যাত্রা এখানেই শেষ হচ্ছে আফগানিস্তানের।

চার ম্যাচে তিনটি জয় নিয়ে ছয় পয়েন্ট হয়েছে নিউজিল্যান্ডের। এই গ্রুপে আগেই শীর্ষ স্থানে আছে সাউথ আফ্রিকা। তিন ম্যাচে তাদের জয় তিনটি, বাকি আছে একটি ম্যাচ। এদিকে তিন ম্যাচে আফগানিস্তানের জয় কেবল একটি, ফলে দুই পয়েন্ট আছে তাদের ঝুলিতে। কানাডার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ জিতলেও পরের রাউন্ডে যাওয়া হচ্ছে না আফগানদের।

লক্ষ্য তাড়া করতে নেমে ৩০ রানের মধ্যে দুই উইকেট হারায় নিউজিল্যান্ড। টিম সেইফার্ট ১০ বলে ৬ রানে ফিরে যান। ফিন অ্যালেন ৮ বলে ২১ রান করে ফিরে যান। তারপর ১৪৬ রানের জুটি গড়েন রাচিন এবং ফিলিপস। রাচিন ৩৯ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন। ৩৬ বলে ৭৬ রান করেন ফিলিপস।

এর আগে তরুণ ওপেনার যুবরাজ সামরার ঝড়ো সেঞ্চুরিতে নির্ধারিত ওভারে চার উইকেটে ১৭৩ রান তোলে কানাডা। চেন্নাইতে আগে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিলেন ১৯ বছর বয়সী এই ব্যাটার। নিউজিল্যান্ডের অভিজ্ঞ বোলিং আক্রমণকে লক্ষ্য করে একের পর এক বাউন্ডারিতে রান তোলেন তিনি।

সহযোগী দেশের একজন তরুণ ব্যাটারের এমন আত্মবিশ্বাসী ইনিংস ম্যাচে ভিন্ন মাত্রা যোগ করে। ওপেনিংয়ে অধিনায়ক দিলপ্রিত বাজওয়ার সঙ্গে ১১৬ রানের জুটি গড়ে দলকে শক্ত ভিত এনে দেন যুবরাজ। বাজওয়া ৩৬ রান করে কাইল জেমিসনের বলে আউট হলেও থামেননি যুবরাজ।

৫৮ বলে তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম শতক, যা চলতি বিশ্বকাপের দ্বিতীয় সেঞ্চুরি। এর আগের দিন ৫২ বলে সেঞ্চুরি করেছিলেন পাথুম নিশাঙ্কা। নভনিত ধালিওয়ালের সঙ্গে ৪৭ রানের জুটি গড়েন যুবরাজ, যদিও ধালিওয়াল ব্যক্তিগতভাবে করেন ৭ রান।

দলীয় ১৫৩ রানে ম্যাট হেনরির শিকার হন তিনি। পরে জিমি নিশাম ২ রান করা নিকোলাস কির্টনকে ফেরান। ইনিংসের শেষ দিকে আরও ৪ রান যোগ হতেই বিদায় নেন দিনের সেরা ব্যাটার যুবরাজ।

৬৫ বলে ১১০ রানের ইনিংসে ছিল ১১ চার ও ৬ ছক্কা। শেষ পর্যন্ত ৪ উইকেটে ১৭৩ রানে থামে কানাডার ইনিংস। নিউজিল্যান্ডের হয়ে একটি করে উইকেট নেন ম্যাট হেনরি, জিমি নিশাম, জ্যাকব ডাফি ও কাইল জেমিসন।

আরো পড়ুন: