অভিষেক বড় রানের অপেক্ষায় আছে: শাস্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপ
রবি শাস্ত্রী ও অভিষেক শর্মা
রবি শাস্ত্রী ও অভিষেক শর্মা
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বেশ ভালোই ফর্মে আছেন অভিষেক শর্মা। তবে বিশ্বকাপে খেলতে এসে রীতিমতো ধুঁকছেন ভারতের এই ওপেনার। টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারের পর পাকিস্তানের বিপক্ষেও রানের খাতা খুলতে ব্যর্থ হয়েছেন তিনি।

রান খরা কাটিয়ে উঠতে অভিষককে পরামর্শ দিয়েছেন রবি শাস্ত্রী। তিনি ভারতের এই ওপেনারকে ইনিংসের শুরুতে আরও ধৈর্যশীল হতে বলেছেন। বিশেষ করে ম্যাচের শুরুর দিকে একটু বাড়তি সময় নিতে পরামর্শ শাস্ত্রীর। যাতে করে থিতু হয়ে ইনিংস বড় করতে পারেন এই ওপেনার।

শাস্ত্রী বলেন, 'আমার মনে হয়, সে বড় রানের অপেক্ষায় আছে, তবে তাকে নিজেকে কিছুটা সময় দিতে হবে। ক্রিকেটে এমনটা হতেই পারে এবং আপনি ফর্ম হারাতে পারেন, কিন্তু ছন্দ ফিরে না পাওয়া পর্যন্ত তাকে একটু ধৈর্য ধরতে হবে। কারণ, একবার ক্রিজে টিকে গেলে ডট বলগুলোকে বাউন্ডারি আর ছক্কায় রূপান্তর করা তার জন্য মোটেও কঠিন কিছু নয়।'

পাকিস্তানের বিপক্ষে অভিষেক ব্যর্থ হলেও সেই অভাব অনেকটাই পূরণ করে দিয়েছিলেন ইশান কিশান। বাঁহাতি এই ব্যাটার চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ৪০ বলে ৭৭ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলেন। আর তাতে ম্যাচ সেরার পুরষ্কারও উঠে কিশানের হাতে। এর মধ্যে দিয়ে টানা দুই ম্যাচে হাফ সেঞ্চুরি হাঁকালেন এই উইকেটরক্ষক ব্যাটার।

কিশানের ফর্ম নিয়ে শাস্ত্রী বলেন, 'সে বর্তমানে স্বপ্নের মতো ব্যাটিং করছে। কলম্বোর ওই পিচে দুইশর কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাটিং করাটা অবিশ্বাস্য। ভারত বা পাকিস্তান— উভয় দলের ব্যাটারদের জন্যই সেখানে রান করা সহজ ছিল না। কারণ, বল থমকে আসছিল। এমন কন্ডিশনে সে যেভাবে ব্যাটিং করেছে এবং দ্রুত পরিস্থিতি বুঝে নিয়েছে, তা আমার দারুণ লেগেছে।'

আরো পড়ুন: