তিনশ উইকেটের সম্মাননা পাচ্ছেন রোচ

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট
কেমার রোচ, ফাইল ফটো
কেমার রোচ, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
কেমার রোচকে বিশেষ সম্মান জানাতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। টেস্ট ক্রিকেটে তিনশ উইকেটের মাইলফলক স্পর্শ করায় এই স্বীকৃতি পাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ এই পেসার। গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে অ্যান্টিগায় অনুষ্ঠিত টেস্টেই তিনি এই কীর্তি গড়েন।

সেই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৫১ রানে চার উইকেট নিয়ে তিনশ উইকেট পূর্ণ করেন রোচ। ডানহাতি এই পেসারের দুর্দান্ত বোলিংয়ে ইনিংস ও ২১৭ রানের বড় ব্যবধানে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।

এই অর্জনের মাধ্যমে কোর্টনি ওয়ালশ, কার্টলি অ্যামব্রোস, ম্যালকম মার্শাল ও ল্যান্স গিবসের পর দেশের পঞ্চম বোলার হিসেবে টেস্টে তিনশ উইকেটের ক্লাবে নাম লেখান তিনি। একই সঙ্গে বার্বাডোজ থেকে এই কীর্তি গড়া মাত্র দ্বিতীয় বোলারও হন রোচ।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সভাপতি কিশোর শ্যালো বলেন, 'প্রায় দুই দশক ধরে কেমার অসাধারণ নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করে আসছে। প্রতিবার মেরুন টুপি পরে মাঠে নামার সময় সে অসাধারণ সামর্থ্য, সাহস ও দৃঢ়তা দেখিয়েছে। ক্যারিবীয় ক্রিকেটের একজন অনুকরণীয় প্রতিনিধি হিসেবে সে নতুন প্রজন্মের গতিবোলারদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে।'

রোচকে সম্মান জানানো হবে তার নিজ শহরের মাঠে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের পঞ্চম ওয়ানডে ম্যাচে ইনিংস বিরতির সময় এই আয়োজন অনুষ্ঠিত হবে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের পাশাপাশি বার্বাডোজ সরকার এবং বার্বাডোজ ক্রিকেট সংস্থার প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

কিশোর শ্যালো আরও বলেন, 'এই প্রজন্মের একজন ক্রিকেটার নিজের অঙ্গীকার ও অসাধারণ অবদানের মাধ্যমে খেলার কিংবদন্তিদের পাশে জায়গা করে নিয়েছে, এটি দেখতে পেরে আমি আনন্দিত। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের পক্ষ থেকে কেমারকে আবারও আন্তরিক অভিনন্দন জানাই। এই সম্মান তার প্রাপ্য এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে তার গভীর অবদানেরই স্বীকৃতি।'

২০০৯ সালে টেস্ট অভিষেকের পর এখন পর্যন্ত ৮৯টি ম্যাচ খেলেছেন রোচ। গড়ে ২৬.৮৩ রান খরচায় নিয়েছেন তিনশ উইকেট। তার ক্যারিয়ারে রয়েছে ১২ বার এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার কীর্তি।

আরো পড়ুন: