চোটের কারণে ছিটকে গেলেন হায়দরাবাদের আরেক পেসার

আইপিএল
আইপিএল
আইপিএল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
গোড়ালির চোটে আইপিএলের বাকি অংশ থেকে ছিটকে গেছেন সানরাইজার্স হায়দরাবাদের বাঁহাতি পেসার ডেভিড পেইন। ফলে পেস বোলিং আক্রমণ নিয়ে আরও বিপদে পড়তে চলেছে ফ্র্যাঞ্চাইজিটি। পেইন নিজেও বদলি ক্রিকেটার হিসেবে আইপিএলে খেলার সুযোগ পেয়েছিলেন। তিনি বদলি হয়েছিলেন জ্যাক এডওয়ার্ডসের।

পায়ের চোটের কারণে তিনি ছিটকে গিয়েছিলেন। এদিকে পেইনের বদলি হিসেবে এখনও কাউকে দলে নেয়নি হায়দরবাদ। পেইন এবারের আইপিএলে খেলেছেন দুটি ম্যাচে। উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ২ উইকেট নিয়েছিলেন ৩৫ রানের বিনিময়ে। আর কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে উইকেটশূন্য থাকেন ৩৫ রান খরচায়।

এবারের আইপিএলে একের পর এক চোটের ধাক্কা খাচ্ছে ২০১৬ সালের চ্যাম্পিয়নরা। ইংল্যান্ডের অলরাউন্ডার ব্রাইডন কার্সও সম্প্রতি হাতে চোট পেয়ে ছিটকে গেছেন। তিনি কোনো ম্যাচ খেলতে পারেননি, ফলে তার বদলি হিসেবে শ্রীলঙ্কার পেসার দিলশান মাদুশঙ্কাকে দলে নিয়েছে হায়দরাবাদ।

এত দুঃসংবাদের মাঝে একটি স্বস্তির খবরও পেয়েছে দলটি। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স সিডনিতে পিঠের স্ক্যান করানোর পর দলে ফেরার অনুমতি পেয়েছেন। তিনি এখনও এই মৌসুমে কোনো ম্যাচ খেলেননি, তবে ২৫ এপ্রিল জয়পুরে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে ফেরার লক্ষ্য রয়েছে তার।

কামিন্সের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন ইশান কিশান। বর্তমানে পাঁচ ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে আছে হায়দরাবাদ। একাধিক দলের সঙ্গে সমান চার পয়েন্ট থাকলেও নেট রান রেটে এগিয়ে তারা। সর্বশেষ ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়েছে তারা। পরের ম্যাচে হায়দরাবাদের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস।

আরো পড়ুন: