ইমনের সঙ্গে ওপেনিং উপভোগ করেছি: নাইম

পিএসএল
পিএসএলে ঝড়ো ইনিংস খেলার পথে ইমন
পিএসএলে ঝড়ো ইনিংস খেলার পথে ইমন
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বল টেম্পারিং কান্ডে ২ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ফখর জামান। পিএসএলের শুরুর দিকে লাহোর কালান্দার্সের হয়ে ইনিংস শুরু করেছেন ফখর ও মোহাম্মদ নাইম। ফলে মুলতান সুলতান্সের বিপক্ষে সেই জুটিতে পরিবর্তন ছিল নিশ্চিত। বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে লাহোরের হয়ে ওপেনিংয়ে নামেন পারভেজ হোসেন ইমন ও নাইম।

দুজনে মিলে উড়ন্ত সূচনা এনে দেন লাহোরকে। ১৩ ওভারের ম্যাচে এই দুই ওপেনার মিলেই ৫.১ ওভারে যোগ করেন ৮৬ রান। ইমন ছিলেন বেশ আক্রমণাত্মক। তিনি ১৯ বলে ৪৫ রান করেন। আর ২৮ বলে ৬০ রান করেছেন নাইম নিজে। ম্যাচের আগেই দলকে নাইম বলেছিলেন ফখরের অনুপস্থিতি বুঝতে দেবেন না। সেটাই হয়েছে ম্যাচে।

পাশাপাশি ইমনের ব্যাটিংয়ের প্রশংসা করে তিনি বলেন, 'দল আমাকে কখনোই পরিকল্পনা দেয় না। আমার পরিকল্পনা একটাই থাকে, নিজের মতো খেলা। ইমনের সাথে ব্যাটিং আমি খুব উপভোগ করেছি। ফখর ভাই ছিল না এই ম্যাচে। আমি গতকালই দলকে বলেছিলাম ইনশাআল্লাহ ফখর ভাইকে মিস করতে হবে না।'

এবারের পিএসএলে ৩ ম্যাচে দুই জয়ে পয়েন্ট টেবিলে ২ নম্বরে লাহোর। হার-জিত খেলারই অংশ। তাই প্রক্রিয়াতেই বেশি মনোযোগ ছিল নাইমের। দলটির ক্রিকেটাররা আত্মবিশ্বাসে টইটুম্বুর আছেন বলেই জানিয়েছেন তিনি। এভাবেই সামনের ম্যাচগুলোতে দলের জন্য অবদান রাখতে চান পাকিস্তানি এই ওপেনার।

তিনি যোগ করেন, 'আমরা আমাদের প্রক্রিয়াতে মনোযোগ রেখেছিলাম। হার-জিত খেলার অংশ। লড়াইটাই আমরা করতে চাই। ফলাফল যাই আসুক না কেন। আমি লাহোর কালান্দার্সে যোগ দেওয়ার পর দলে কখনো আত্মবিশ্বাসের কোনো কমতি দেখিনি। যেমন শুরু এনে দিতে চেয়েছিলাম তা পেয়েছি।'

১৩ ওভারেই এই ম্যাচে ১৮৫ রান তুলে নিয়েছিল লাহোর। জবাবে খেলতে নেমে ৫ উইকেটে ১৬৫ রানে থামে মুলতান। লাহোরের হয়ে এই ম্যাচে দুটি উইকেট তুলে নেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। তবে হাফ সেঞ্চুরি তুলে নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন নাইমই।

আরো পড়ুন: