অভিষেক মাতানো কনোলিকে প্রশংসায় ভাসালেন আইয়ার

আইপিএল
কুপার কনোলি,ফাইল ফটো
কুপার কনোলি,ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আইপিএলে নিজেদের প্রথম ম্যাচেই জয় পেয়েছে পাঞ্জাব কিংস। শুভমান গিলের গুজরাট টাইটান্সকে তিন উইকেটে হারিয়েছে শ্রেয়াস আইয়ারের দল। ম্যাচ শেষে জয়ের কৃতিত্ব কুপার কনোলিকে দিয়েছেন আইয়ার। আইপিএলে প্রথম ম্যাচ খেলা কনোলি ধন্যবাদ দেন পন্টিংকে।

ব্যাট করার সময় ডান হাতে চোট পান আইয়ার। ম্যাচ শেষে অবশ্য চোটকে তেমন গুরুত্বপূর্ণ নয় বলেই জানান তিনি। জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চান গত আসরের ফাইনালিস্ট দলের এই অধিনায়ক।

আইয়ার বলেন, 'কনোলি দুর্দান্ত ব্যাটিং করেছে। কয়েকটি শট ছিল অসাধারণ, বিশেষ করে রশিদ খানকে যে ছক্কা মেরেছে। ও আগে কখনও রশিদের বল খেলেনি, তবু আত্মবিশ্বাস দেখিয়েছে।'

'আমি তখন হাতে বরফ দিচ্ছিলাম, খেলার দিকে পুরো মন ছিল না। সেই সময় দ্রুত দুটি উইকেট পড়ে গিয়ে চাপ তৈরি হয়। কিন্তু কনোলি শান্ত থেকে ম্যাচটা আমাদের দিকে নিয়ে আসে। আমাদের লক্ষ্য ছিল শেষ পর্যন্ত লড়ে যাওয়া, সেটাই করেছি।'

আগে ব্যাটিং করে ছয় উইকেটে ১৬২ রান করে গুজরাট। ১৯.১ ওভারে এই লক্ষ্য তাড়া করেছে পাঞ্জাব। ৪৪ বলে পাঁচটি চার ও ছক্কায় ৭২ রান করে অপরাজিত থাকেন কনোলি।

প্রতিপক্ষ অধিনায়ক শুভমান গিলের কৌশল নিয়েও কথা বলেন আইয়ার, 'ব্যাট করার সময় দেখলাম শর্ট লেগে ফিল্ডার রাখা হয়েছে, যা আগে দেখিনি। আমি শুভমানকে বলেছিলাম, এখন অধিনায়করা আরও আক্রমণাত্মক হচ্ছে, যা খেলার জন্য ভালো।'

ম্যাচসেরা কনোলি বলেন, 'বিশ্বমানের ক্রিকেটারদের সঙ্গে খেলার অপেক্ষায় ছিলাম। নিজের পারফরম্যান্সে খুশি। আশা করছি পুরো প্রতিযোগিতাজুড়ে দলকে এভাবে সাহায্য করতে পারব।'

প্রস্তুতি নিয়ে তিনি যোগ করেন, 'এখানে আসার আগে পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটিয়েছি। আমার খেলা ছন্দের ওপর নির্ভর করে। বড় শটের চেয়ে সময় নিয়ে খেলা আমার শক্তি। কোচ হিসেবে রিকি পন্টিংকে পেয়ে অনেক উপকার হয়েছে।'

আরো পড়ুন: