সাব্বিরের হাফ সেঞ্চুরির পর রাজশাহীর ড্র

এনসিএল
সাব্বির রহমান, ফাইল ফটো
সাব্বির রহমান, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
চট্টগ্রামে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দুই সেঞ্চুরি এবং পাঁচ হাফ সেঞ্চুরির ম্যাচটি ড্র হয়েছে। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হচ্ছে চট্টগ্রাম এবং রাজশাহীকে। প্রথম ইনিংসে ৩৬৪ রান করা রাজশাহী শেষ দিন পর্যন্ত দ্বিতীয় ইনিংসে করেছে আট উইকেটে ২২৪ রান। প্রথম ইনিংসে মাহমুদুল হাসান জয় এবং সাদিকুর রহমানের সেঞ্চুরিতে ৩৯৩ রান করে চট্টগ্রাম।

দুই উইকেটে ৪৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে রাজশাহী। ৬৫ রানের জুটি গড়েন নাঈম আহমেদ এবং প্রীতম কুমার। এই জুটি ভাঙেন হাসান মুরাদ। হাফ সেঞ্চুরির আগেই বিদায় নেন নাঈম। ৬৭ বলে ৪৭ রান করে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি।

দলীয় ৯৭ রানে বিদায় নেন প্রীতমও। ৭১ বলে ৩৭ রান আসে তার ব্যাটে। তিনিও এলবিডব্লিউর শিকার হন। দলীয় ১১৬ রানে বিদায় নেন এস এম মেহরব (২)। মাহমুদুল হাসান জয়ের পার্ট-টাইম বোলিংয়ে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি।

তারপর ৪৬ রানের জুটি গড়েন সাব্বির রহমান এবং শাকির হোসেন। সাব্বিরকে ফিরিয়ে এই জুটি ভাঙেন আশরাফুল হাসান। ১১২ বলে ৫১ রান আসে তার ব্যাটে। দলীয় ১৯৪ রানের মধ্যে ফিরে যান শাকির এবং সানজামুল ইসলাম।

১৩২ বলে ২৭ রানের দারুণ ধৈর্যশীল ইনিংস খেলেন শাকির। তাকে বোল্ড করেন আশরাফুল। ৩৪ বলে ১৮ রান করে হাসান মুরাদের তৃতীয় শিকার হন সানজামুল। শেষ পর্যন্ত নিহাদুজ্জামান এবং আলী মোহাম্মদের ব্যাটে ম্যাচের সমাপ্তি ঘটায় রাজশাহী। নিহাদুজ্জামান ৩৬ বলে ১৫ এবং আলী ৪৮ বলে ১৭ রানে অপরাজিত থাকেন।

আরো পড়ুন: