কাউন্টিতে খেলবেন বাংলাদেশ সিরিজ থেকে বাদ পড়া ওয়েদারল্ড

কাউন্টি ক্রিকেট
হাসান মাহমুদের বলে বোল্ড হয়ে ফিরছেন জ্যাক ওয়েদারল্ড, ফাইল ফটো
হাসান মাহমুদের বলে বোল্ড হয়ে ফিরছেন জ্যাক ওয়েদারল্ড, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
অস্ট্রেলিয়ার টেস্ট দল থেকে বাদ পড়ার পর ঘুরে দাঁড়ানোর নতুন সুযোগ পেলেন জেইক ওয়েদারল্ড। আগামী বছরের অ্যাশেজের আগে ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে ওয়ারউইকশায়ারের হয়ে খেলার চুক্তি করেছেন অস্ট্রেলিয়ান এই বাঁহাতি ওপেনার।

গত অ্যাশেজ দিয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় ওয়েদারল্ডের। প্রায় এক দশক প্রথম শ্রেণির ক্রিকেট খেলার পর টেস্টে সুযোগ পেলেও প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। সিরিজের ১০ ইনিংসের সবকটিতে ব্যাট করে মাত্র একটি ফিফটি পান এই ওপেনার। এরপরও নতুন মৌসুমের শুরুতে তার ওপর আস্থা রেখেছিলেন নির্বাচকেরা। তবে বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টে ২৩ ও শূন্য রানে আউট হওয়ার পর ম্যাকাই টেস্টের দল থেকে বাদ পড়েন তিনি।

এখনই অস্ট্রেলিয়ার টেস্ট দলে ফেরার সম্ভাবনা খুব বেশি নয় ওয়েদারল্ডের। তবে আগামী বছর ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজের আগে নিজের দাবি জোরালো করার সুযোগ তিনি পাচ্ছেন কাউন্টি ক্রিকেটে। চলতি মৌসুমের শুরুতে লিস্টারশায়ারের হয়ে খেলেছেন তিনি। ৯ ইনিংসে ৪৩৭ রান করেছেন ৬০.৩৭ গড়ে।

২০২৭ মৌসুমে ওয়ারউইকশায়ারে যোগ দেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ওয়েদারল্ড বলেন, '২০২৭ মৌসুমের জন্য ওয়ারউইকশায়ারে যোগ দিতে পেরে আমি রোমাঞ্চিত। বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা মাঠ এজবাস্টন এবং এমন একটি মর্যাদাপূর্ণ কাউন্টির প্রতিনিধিত্ব করার সুযোগ আমি হাতছাড়া করতে পারতাম না।'

ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতাও তাকে নতুন চুক্তিতে আগ্রহী করেছে বলে জানিয়েছেন ওয়েদারল্ড। তার ভাষায়, 'এই বছর ইংল্যান্ডে খেলতে আমার ভালো লেগেছে। তাই অ্যাশেজের আগে ওয়ারউইকশায়ারের সঙ্গে যোগ দেয়ার সুযোগ পাওয়াটা সত্যিই রোমাঞ্চকর। ওয়ারউইকশায়ারের গৌরবময় ইতিহাস রয়েছে এবং দলটি প্রতিভায় পূর্ণ। মাঠের ভেতরে ও বাইরে উভয় ক্ষেত্রেই অবদান রাখার জন্য মুখিয়ে আছি আমি।'

চলতি কাউন্টি চ্যাম্পিয়নশিপে ওয়ারউইকশায়ারের হয়ে খেলেছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার বেউ ওয়েবস্টারও। জাতীয় দলের ডাকে ফিরে যাওয়া ওয়েবস্টার আগামী মৌসুমেও দলটির হয়ে খেলতে পারেন। একই সময়ে ওয়েবস্টার ও ওয়েদারাল্ডের জায়গায় ওয়ারউইকশায়ারের হয়ে খেলেছেন ভারতের বাঁহাতি স্পিনার মানাভ সুথার। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষে আবারও ওয়ারউইকশায়ারে যোগ দেবেন সুথার।

আরো পড়ুন: