পাকিস্তানের কাছে হেরে এশিয়ান গেমসে ব্রোঞ্জও হারাল বাংলাদেশ

নারী এশিয়ান গেমস
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সোনার পদকের স্বপ্ন আগেই শেষ হয়েছিল বাংলাদেশের। ব্রোঞ্জ ধরে রাখার প্রত্যাশাও পূরণ হলো না। পাকিস্তানের কাছে ৩১ রানে হেরে এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চতুর্থ হয়ে আসর শেষ করেছে বাংলাদেশ। অথচ আগের এশিয়ান গেমসে পাকিস্তানকে হারিয়েই ব্রোঞ্জ জিতেছিল তারা।

আইচির নিশিনে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করেছিল পাকিস্তান। পাওয়ার প্লে'তে কোনো উইকেট না হারিয়ে ৪৪ রান তোলে তারা। গুল ফিরোজা ২৩ বলে ৩১ রান করে ফেরার পর নাহিদা আক্তার ও স্বর্ণা আক্তারের স্পিনে চাপে পড়ে পাকিস্তান। একপর্যায়ে ১২ ওভারে পাঁচ উইকেটে তাদের সংগ্রহ ছিল ৬৭ রান।

সেখান থেকে দলকে ঘুরে দাঁড় করান অধিনায়ক ফাতিমা সানা ও আলিয়া রিয়াজ। ৪৩ বলে ৬৭ রানের জুটি গড়ে পাকিস্তানকে লড়াইয়ের পুঁজি এনে দেন তারা। আলিয়া ২২ বলে ২৫ রান করে ফিরলেও শেষ বল পর্যন্ত লড়ে ফাতিমা করেন ৩০ বলে ৪৫ রান। শেষ পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় আট উইকেটে ১৪৫ রান।

বাংলাদেশের রান তাড়ায় শুরু থেকেই ছিল হতাশা। উম-ই-হানির স্পিনে জুয়াইরিয়া ফেরদৌস বড় শট খেলতে গিয়ে আউট হন। দিলারা আক্তার ৮ বলে ১২ রান করে সীমানায় দুর্দান্ত ক্যাচে ফেরেন। ব্যর্থতার ধারায় যোগ দেন সোবহানা মোস্তারিও। ফলে পাওয়ার প্লে'তে তিন উইকেট হারিয়ে মাত্র ২৫ রান তোলে বাংলাদেশ।

এরপরও ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল, কিন্তু নিগার সুলতানা জ্যোতি ও শারমিন আক্তারের ধীর ব্যাটিংয়ে তা আরও কঠিন হয়ে যায়। ১২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল পাঁচ উইকেটে ৫৩ রান। নিগার ২৪ বলে তখন করেছিলেন মাত্র ১৪ রান। পরে একটি ওভারে দুটি চার মারলেও আয়েজা জাফারের বলে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হয়ে ফেরেন বাংলাদেশ অধিনায়ক।

জ্যোতির বিদায়ের পরও ম্যাচে ফেরার কোনো পথ খুঁজে পায়নি বাংলাদেশ। স্বর্ণা আক্তার ও রিতু মনি পরিস্থিতির দাবি মেটাতে পারেননি। একপ্রান্ত আগলে রেখে শারমিন দলকে একশ পার করান। শেষ বলে চার হলে অর্ধশতক পূর্ণ হতো তার, তবে সেটিও হয়নি। ৪৫ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন তিনি।

পাকিস্তানের জয়ে বড় অবদান রাখেন উম-ই-হানি। চার ওভারে মাত্র ১০ রান দিয়ে তিন উইকেট নেন এই অফ স্পিনার। বাংলাদেশের পক্ষে নাহিদা আক্তার ও স্বর্ণা আক্তার দুটি করে এবং রিতু মনি ও সানজিদা আক্তার মেঘলা একটি করে উইকেট নেন।

বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে নিগার সুলতানার এটিই শেষ ম্যাচ হতে পারে। নেতৃত্ব ছাড়তে চাওয়ার কথা জানিয়ে আসর শুরুর আগেই বিসিবিকে মেইল করেছিলেন তিনি। দেশে ফেরার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা বোর্ডের। এদিকে এশিয়ান গেমসের সোনার পদকের লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা।

আরো পড়ুন: