কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন টুতে কেন্টের চেয়ে ৫৩ রানে পিছিয়ে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে ল্যাঙ্কাশায়ার। শুরুটা অবশ্য ভালো হয়নি সফরকারীদের। ইনিংসের দ্বিতীয় ওভারেই কেন্টকে উইকেট এনে দেন খালেদ। ডানহাতি পেসারের বেরিয়ে যাওয়া ডেলিভারিতে এজ হয়ে প্রথম স্লিপে জ্যাক ক্রলির হাতে ক্যাচ দিয়েছেন।
প্রথম ওভারে কোনো রান খরচা না করেই উইকেট নেন খালেদ। দারুণ ব্যাটিংয়ে ল্যাঙ্কাশায়ারের হাল ধরেছিলেন মার্কাস হ্যারিস। ৭৪ বলে ৪৮ রানের ইনিংস খেলা বাঁহাতি ব্যাটারকেও ফেরান খালেদ। ডানহাতি পেসারের অফ স্টাম্প পড়ে বেরিয়ে যাওয়া ডেলিভারিতে খেলবেন কিনা সেটা নিয়ে দ্বিধায় ছিলেন।
একেবারে শেষ মুহুর্তে ব্যাট সরিয়ে নিয়েছিলেন হ্যারিস। যদিও সেটা করতে গিয়ে অনেকটা দেরি করে ফেলেছিলেন তিনি। এজ হয়ে প্রথম স্লিপে ক্রলিকে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাকে। একটু পর আরব শেঠিকেও ফেরান খালেদ। বাংলাদেশের পেসারের দারুণ এক ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন তিনি।
দ্বিতীয় ইনিংসে ১৫ ওভারে ৫২ রান খরচায় তিন উইকেট নিয়েছেন খালেদ। ডানহাতি পেসারের পাশাপাশি তিনটি করে উইকেট নিয়েছেন কেথ ডাজন ও ম্যাট মিলনেস। তিন পেসারের এমন বোলিংয়ের দিনে ১৯২ রানে অল আউট হয়েছে ল্যাঙ্কাশায়ার। সফরকারীদের হয়ে হ্যারিস ৪৮ এবং মাইকেল জোন্স ৫৪ রান করেছেন।