দুর্দান্ত বোলিংয়ে কাউন্টিতে প্রথমবার খালেদের ৫ উইকেট

কাউন্টি ক্রিকেট
কেন্ট
কেন্ট
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
কাউন্টি চ্যাম্পিয়নশিপে অভিষেকেই নিজের ছাপ রেখেছিলেন খালেদ আহমেদ। বাংলাদেশের পেসার উস্টারশায়ারের বিপক্ষে নিয়েছিলেন তিন উইকেট। দুর্দান্ত বোলিংয়ে নিজের দ্বিতীয় ম্যাচে ঝলক দেখালেন খালেদ। ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার। ১৫.৫ ওভারে মাত্র ৪২ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন তিনি। কাউন্টি ক্রিকেটে প্রথমবার পাঁচ উইকেট পেলেন বাংলাদেশের পেসার। খালেদের দুর্দান্ত বোলিংয়ে ল্যাঙ্কাশায়ারকে ১৬১ রানে অল আউট করেছে কেন্ট।

হাসান মাহমুদ না থাকায় খালেদের সুযোগটা অনুমেয়ই ছিল। সেই সুযোগটা কাজেও লাগালেন দারুণভাবে। সকালের প্রায় এক ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর ডানহাতি পেসারের হাতে বল তুলে দেন কেন্টের অধিনায়ক। প্রথম তিন ওভার মেইডেন নিয়ে শুরুটাও ভালো করেন। দ্বিতীয় সেশনে গিয়ে প্রথম উইকেটের দেখা পান তিনি। ব্যক্তিগত অষ্টম ওভারের শেষ বলে উইকেট পেয়েছেন।

খালেদের অফ স্টাম্পের বাইরের বলে জায়গায় দাঁড়িয়ে ব্যাকফুট পাঞ্চ করতে গিয়ে পয়েন্টে ক্যাচ দিয়েছেন কিটন জেনিংস। একটু পর রকি ফ্লিনটফকেও ফেরান তিনি। ডানহাতি পেসারের ফুলার লেংথ ডেলিভারিতে লেগ বিফোর উইকেট হয়েছেন অ্যান্ড্রু ফ্লিনটফের ছেলে। রানের খাতাই খুলতে পারেননি তিনি। পরবর্তীতে আবারও জুটি ভাঙেন খালেদ। ফেরান ম্যাটি হুরস্টকে।

বাংলাদেশের পেসারের অফ ও মিডল স্টাম্পের ডেলিভারিতে ডিফেন্স করতে গিয়ে আউট সাইড এজে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়েছেন। শেষের দিকে মিচেল স্ট্যান্টলিকে বোল্ড করেন খালেদ। জেমস অ্যান্ডারসনকে ফিরিয়ে কাউন্টি ক্রিকেটে প্রথমবার পাঁচ উইকেটের স্বাদও নেন তিনি। খালেদের দারুণ এক ডেলিভারিতে ক্যাচ দিয়েছেন স্যাম নর্থইস্টের হাতে।

মাত্র ৪২ রান খরচা করে ৫ উইকেট নেন ডানহাতি এই পেসার। খালেদের বাইরে কেন্টের হয়ে চারটি উইকেট নিয়েছেন ম্যাট মিলনেস। একটি উইকেট পেয়েছেন ম্যাট কুইন। কেন্টের পেসত্রয়ীর এমন বোলিংয়ের দিনে ল্যাঙ্কাশায়ারের হয়ে সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলেছেন মাইকেল জোন্স। এ ছাড়া জেনিংস ৩০, হুরস্ট ৩৭ ও জশ বোহানন ২০ রান করেছেন।

আরো পড়ুন: