জীবনের ৫ উইকেটের পর পরিত্যক্ত হলো জিডি ট্রফির ম্যাচ

গেম ডেভেলপমেন্ট ট্রফি
শেখ পারভেজ জীবন, বিসিবি
শেখ পারভেজ জীবন, বিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
গেম ডেভেলপমেন্ট ট্রফির তৃতীয় ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে মাত্র ৫৯ রানেই অলআউট হয় অনূর্ধ্ব-১৭ দল। অনূর্ধ্ব-২৩ দলের স্পিনার শেখ পারভেজ জীবনের ৫ উইকেট শিকারে মাত্র ২৩.৫ ওভারেই অলআউট হয় ১৭ না পেড়োনো কিশোররা। এরপর অনূর্ধ্ব-২৩ দল ব্যাটিংয়ে নামার পর মাত্র ১.৪ ওভার খেলা হবার পরেই বৃষ্টির কারণে বন্ধ হয় খেলা। এরপর আর খেলা শুরু করা সম্ভব না হওয়ায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি।

মিরপুর শের-এ বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে অনূর্ধ্ব-১৭। ইনিংসের চতুর্থ ওভারে পেসার রিজান হোসেনের বলে আহরার আমিনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ওপেনার নয়ন বাবু। ১৬ বলে ১ রান করেন তিনি। এরপর আবদুল্লাহ হিল বাকিকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন করেন অধিনায়ক হাসান।

পাওয়ার প্লের শেষ ওভারে আবারো রিজান ভাঙেন এই জুটি। ২০ বলে ৯ রান করা হাসানকে লেগ বিফোর করেন রিজান। এরপর গালিবকে ফিরিয়ে নিজের উইকেট শিকারের উৎসব শুরু করেন জীবন। অনূর্ধ্ব-১৭ দলের ইনিংস সর্বোচ্চ ১৮ রান করা গালিবকে উইকেটের পেছনে ক্যাচ বানান জীবন। এরপর একে একে ফেরান সৌরভ কর্মকার, রিফাত হাওলাদার, মোহাম্মদ আবদুল্লাহ ও সিফাত আলীকে। নিজের সপ্তম ওভারে সিফাতকে ফিরিয়ে নিজের ৫ উইকেট পূর্ণ করেন এই অফ স্পিনার।

পারভেজের ৫ উইকেটের সাথে দুইটি উইকেট নেন বাঁহাতি চায়নাম্যান নুহায়েল সানদীদ। পাশাপাশি রিজান দুইটি ও অলরাউন্ডার মাহফুজুর রাব্বি একটি উইকেট নেন।

৬০ রানের ছোট লক্ষ্যে খেলতে নামেন দুই ওপেনার খালিদ হাসান ও রিফাত বেগ। ইনিংসের দ্বিতীয় ওভারেই বাগড়া দেয় বৃষ্টি। বিনা উইকেটে ৭ রান নিয়ে তখন জয় থেকে ৫৩ রান দূরে অনূর্ধ্ব-২৩ দল। কিন্তু এরপর বৈরি আবহাওয়ার কারণে এই ম্যাচ আর শুরু করা যায়নি।

আরো পড়ুন: