এভাবে খেললে সামনেও অস্ট্রেলিয়া বাংলাদেশকে আমন্ত্রণ জানাবে: মিরাজ

অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজ
মেহেদী হাসান মিরাজ, ক্রিকফ্রেঞ্জি
মেহেদী হাসান মিরাজ, ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
২৩ বছর পর টেস্ট খেলতে গিয়ে অস্ট্রেলিয়ায় স্বপ্নের মতো সময় কাটাচ্ছে বাংলাদেশ দল। ডারউইনে সিরিজের প্রথম টেস্টের তিন দিন অজিদের ওপর রীতিমতো দাপট দেখিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। এভাবে খেলতে থাকলে পরবর্তী অস্ট্রেলিয়া সফরের জন্য বেশি সময় অপেক্ষা করতে হবে না বলে মনে করেন মেহেদী হাসান মিরাজ।

হাসান মাহমুদ, তাসকিন আহমেদ এবং ইবাদত হোসেনের নৈপুণ্যে অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ১৯৮ রানে অল আউট করে বাংলাদেশ। হাসান নেন ছয় উইকেট, তাসকিন-ইবাদত নেন দুটি করে উইকেট।

নিজেদের প্রথম ইনিংসে বেশ দাপট দেখায় বাংলাদেশ। তানজিদ হাসান তামিমের সেঞ্চুরি ছাড়াও হাফ সেঞ্চুরি করেছেন শান্ত এবং মিরাজ। হাফ সেঞ্চুরি থেকে এক রান দূরে থেকে আউট হন মুমিনুল হক। বাংলাদেশ করে ৪২৬ রান।

তারপর ব্যাটিংয়ে নেমে আবারও বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়া। চার উইকেটে ১৬১ রান নিয়ে তৃতীয় দিন শেষ করে তারা। এখনো দলটি পিছিয়ে আছে ৬৭ রানে।

দিনের খেলা শেষে মিরাজ বলেন, 'আমরা যদি এভাবে ভালো ক্রিকেট খেলতে থাকি, অবশ্যই তারা আমাদের আমন্ত্রণ জানাবে। আমার কাছে মনে হয়, আমাদের সামনে যে খেলাগুলো আছে, সেগুলো নিয়েই মনোযোগ দেয়া উচিত। ভবিষ্যতে কী হবে, সেটা তো আমরা বলতে পারি না। তবে আশা করি, তারা ভালো প্রতিক্রিয়া দেবে।'

বাংলাদেশের ভালো খেলার পেছনের রহস্যও উন্মোচন করেন মিরাজ। মূলত জয়-পরাজয় মাথায় না রেখে ভালো খেলাকেই লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছে বাংলাদেশ দল। স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদও দলকে প্রেরণা যোগাচ্ছেন বলে জানান মিরাজ।

তিনি বলেন, 'আমরা সবাই বিশ্বাস করেছি, বিশ্বাস করেছি যে আমরা ঘুরে দাঁড়াতে পারি এবং আমরা শুধু ভালো ক্রিকেট খেলব। প্রত্যেক খেলোয়াড়ের ভেতরে এই বিশ্বাসটা ছিল। আমাদের দলে যে ম্যানেজমেন্ট আছে, মুশতাক ভাই আছেন, তিনি সব সময় খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন এবং সমর্থন দেন। তিনি আমাদের বলেন, সব সময় বিশ্বাসটা রাখতে হবে, কারণ আমাদের দলে অনেক ভালো ভালো খেলোয়াড় আছে।'

'আমরা শুধু এই পরিবেশটা উপভোগ করার চেষ্টা করছি। দিন শেষে ফল কী হবে, সেটা পরের বিষয়। আমরা এই পরিবেশটা উপভোগ করার চেষ্টা করছি, ছন্দটা যেন অনুভব করতে পারি। সবাই সেটাই চেষ্টা করছি।'

আরো পড়ুন: