দ্বিতীয় দিনের খেলা শেষে অজি অলরাউন্ডা বেউ ওয়েবস্টার জানিয়েছেন তারা, নতুন বলে বেশ ভালো শুরু করলেও বাংলাদেশের ব্যাটাররা তা দারুণভাবে সামাল দিয়েছেন। তারা যে পরিকল্পনাই করেছেন কোনো কিছুই কাজে লাগাতে দেননি বাংলাদেশের ব্যটাররা। তাই নিজেদের ব্যর্থতা স্বীকার করে নিয়ে বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে ওয়েবস্টার বলেছেন, 'আমরা যখন নতুন বলে ভালো কিছু স্পেল করেছি সেটাও ধৈর্য্য ধরে সামাল দিয়েছে। আমরা দুইটা উইকেট পেলেও ওরা আবারও ম্যাচের লাগাম টেনে ধরে। টেস্ট ক্রিকেট তো এমনই। সকালে এসে দ্রুতই ৪ উইকেট তুলে নিয়ে জয়ের পথ তৈরি করাই আমাদের মূল লক্ষ্য।'
বাংলাদেশের প্রশংসা করে তিনি আরও যোগ করেন, 'আমার মনে হয় পুরো কৃতিত্ব বাংলাদেশের প্রাপ্য। আজ সকালে উইকেট থেকে কিছুটা সুবিধা পাওয়া যাচ্ছিল কিন্তু তখন ওরা খুব ভালো ব্যাটিং করেছে। সেটা বিকেল পর্যন্ত টেনে নিয়ে গেছে। ওরা এমনিতে স্পিন বেশ ভালো খেলে। কখনো আক্রমণাত্বক খেলেছে আবার কখনো চাপও সামলে নিয়েছে। সত্যি বলতে ওরা আজ খুব ভালো ব্যাটিং করেছে।'
অস্ট্রেলিয়ার মূল বোলাররা যখন তানজিদ হাসান তামিম-নাজমুল হোসেন শান্তদের সামনে ধুঁকছিলেন তখন অজি অধিনায়ক বোলিংয়ে আনেন পার্টটাইমার মার্নাস ল্যাবুশেন-ট্রাভিস হেডদের। তারাও সেই সময় উইকেট এনে দিতে পারেননি। তৃতীয়দিনে অস্ট্রেলিয়া ভিন্ন পরিকল্পনা নিয়ে মাঠে নামবে বলে জানিয়েছেন ওয়েবস্টার।
তিনি বলেন, 'ওরা খুবই ভালো ব্যাটিং করেছে। আমরা কিছু কৌশল কাজে লাগানোর চেষ্টা করেছি যেমন ওয়াইড বল করা, স্ট্রেইট, স্পিনার আনা কিংবা শেষের দিকে উইকেটের আশায় মার্নাসকে দিয়ে কিছু বাউন্সার দেওয়া। তবে ওরা চ্যালেঞ্জগুলো ভালোভাবে সামলেছে। আগামীকাল আমাদের নতুন পরিকল্পনা নিয়ে নামতে হবে।'