চোটের কারণে চলতি বছরের জানুয়ারিতে সিডনি টেস্টে খেলতে পারেননি কামিন্স, হ্যাজেলউড ও লায়ন। এবার তারা ফিরেছেন মাইকেল নেসারের জায়গায়। অ্যাশেজের পাঁচ টেস্টের মধ্যে তিনটিতে, শেষ দুই ম্যাচসহ, খেলেছিলেন নেসার এবং দারুণ পারফরম্যান্সও করেছিলেন। দলে আরও রয়েছেন স্কট বোল্যান্ড, অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ও বিউ ওয়েবস্টার। আগের সিরিজে দল্লে থাকা টড মারফি ও ব্রেন্ডন ডগেট মূল দলে না থাকলেও বাংলাদেশ সিরিজে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে তাদের।
এদিকে বছরের শুরুতে উসমান খাজা টেস্ট থেকে অবসর নেওয়ায় তাঁর বিকল্প খুঁজছে অস্ট্রেলিয়া। ব্যাটিং বিভাগে রাখা হয়েছে ট্রাভিস হেড, জশ ইংলিস, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন এবং জ্যাক ওয়েদারাল্ডকে। অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েছেন মাইকেল নেসার, টড মারফি ও ব্রেন্ডন ডগেট।
দল ঘোষণার পর জাতীয় নির্বাচক জর্জ বেইলি বলেন, ‘প্যাট, জশ ও নাথানের ফেরায় আমরা খুবই আনন্দিত। গত কয়েক মাস ধরে তারা নিজেদের এবং স্পোর্টস সায়েন্স ও মেডিকেল দলের সঙ্গে কঠোর পরিশ্রম করেছে, যাতে চোট কাটিয়ে ফিরতে পারে।’
তিনি আরও বলেন, ‘এটি ১৩ সদস্যের দল হলেও প্রয়োজনে পরিবর্তনের জন্য আরও কয়েকজন ক্রিকেটার প্রস্তুত রয়েছে। আগামী ১২ মাসে ব্যস্ত সূচির কারণে সব সংস্করণেই অনেক খেলোয়াড়ের সুযোগ আসবে।’
বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। আর বাংলাদেশ রয়েছে চতুর্থ স্থানে।
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার টেস্ট দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, জ্যাক ওয়েদারাল্ড ও বিউ ওয়েবস্টার।