১ বছরের জন্য পিএসএলে নিষিদ্ধ শানাকা, চাইলেন ক্ষমা

পিএসএল
শ্রীলঙ্কার জার্সিতে দাসুন শানাকা
শ্রীলঙ্কার জার্সিতে দাসুন শানাকা
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শানাকাকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর ফলে ২০২৭ সালের পিএসএলে খেলতে পারবেন না লঙ্কান এই তারকা। লাহোর কালান্দার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েও শেষ পর্যন্ত এই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ান তিনি।

সেই চুক্তি পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। গত ২১ মার্চ হুট করেই পিএসএলে না খেলার সিদ্ধান্তের কথা জানান শানাকা। যা চুক্তির শর্তের সুস্পষ্ট লঙ্ঘন বলে বিবেচনা করেছে পিসিবি। তারা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শানাকার শাস্তির কথা জানিয়েছে। এমনকি শানাকার সরে দাঁড়ানোর কারণও স্বীকৃত নয় বলে দাবি তাদের।

এদিকে শুনানিতে শানাকা নিজের সিদ্ধান্তের জন্য অনুশোচনা প্রকাশ করেছেন এবং পাকিস্তানে খেলার প্রতি নিজের আগ্রহের কথাও তুলে ধরেন। তবে চুক্তি লঙ্ঘনের ব্যাপারটি বিবেচনা করে শানাকার বিরুদ্ধে শাস্তি দেয়া উচিত বলে মনে করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিসিবির বিজ্ঞপ্তিতেই নিজের ভুল স্বীকার করে শানাকা বলেছেন, ‘পিএসএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের জন্য আমি গভীরভাবে অনুতপ্ত এবং পাকিস্তানের মানুষ, পিএসএলের সমর্থক ও বৃহত্তর ক্রিকেট কমিউনিটির কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। পিএসএল একটি মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট। আমার কারণে যে হতাশা তৈরি হয়েছে, তা আমি বুঝতে পারছি। লাহোর কালান্দার্সের সমর্থকদের কাছে আমি দুঃখিত, আপনাদের হতাশ করেছি।’

শানাকা যোগ করেন, ‘আমি যখন পিএসএল থেকে সরে দাঁড়াই, তখন অন্য কোনো টুর্নামেন্টে যোগ দেয়ার কোনো ইচ্ছা ছিল না। পাকিস্তানের সমর্থকদের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে এবং সেখানে খেলতে আমি সবসময়ই উপভোগ করেছি। ভবিষ্যতে নতুন উদ্যম নিয়ে এবং সমর্থকদের আস্থা ফিরে পেয়ে আবার পিএসএলে ফিরতে চাই।’

শানাকা পিএসএল ছেড়ে আইপিএলে রাজস্থান রয়্যালসের বদলি খেলোয়াড় হিসেবে যোগ দিয়েছেন। অবশ্য এখনও কোনো ম্যাচে খেলার সুযোগ হয়নি তার। এর আগে একই কারণে এক বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি। তিনি যোগ দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সে।

আরো পড়ুন: