নাহিদের ৫ উইকেট, শান্ত-তানজিদে সিরিজে ফিরল বাংলাদেশ

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ
ক্যারিয়ারের দ্বিতীয়বারের মতো ৫ উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দিয়েছেন নাহিদ রানা
ক্যারিয়ারের দ্বিতীয়বারের মতো ৫ উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দিয়েছেন নাহিদ রানা
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
কখনো ইয়র্কার আবার কখনো বাউন্সার—নিউজিল্যান্ডের ব্যাটারদের নাভিশ্বাস তুললেন নাহিদ রানা। বৈশাখের খরতাপে সফরকারী ব্যাটারদের যেন দম ফেলার ফুসরত নেই। আগুনে বোলিংয়ে ভয়ঙ্কর হয়ে উঠলেন নাহিদ, ফেরালেন নিউজিল্যান্ডের পাঁচ ব্যাটারকে। ক্যারিয়ারের দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট নিয়ে সফরকারীদের থামালেন মাত্র ১৯৮ রানে। দুইশর নিচে রান তাড়ায় তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত মিলে বাংলাদেশকে পথ দেখালেন। দুজনেই পেলেন হাফ সেঞ্চুরি। তানজিদ ও শান্তর পঞ্চাশ ছোঁয়া ইনিংসে সহজ জয় পেয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে ১-১ সমতা ফেরাল স্বাগতিকরা।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রান তাড়ায় ইনিংসের প্রথম পাঁচ বলে দুইটি চার মেরেছিলেন সাইফ হাসান। তবে ইনিংসটা বড় করতে পারেননি তিনি। নাথান স্মিথের ভেতরে ঢোকা নিচু হওয়া ডেলিভারিতে বোল্ড হয়েছেন ডানহাতি এই ওপেনার। ৬ বলে মাত্র ৮ রান করেছেন সাইফ। তিনে নেমে সুবিধা করতে পারেননি সৌম্য সরকার। উইল ও’রুর্কের বলে ডিপ এক্সট্রা কভারের উপর দিয়ে ছক্কা মেরেছিলেন বাঁহাতি এই ব্যাটার। যদিও একই ওভারের শেষ বলে ফিরতে হয়েছে তাকে।

ও’রুর্কের স্লোয়ার বাউন্সারে পেরিস্কোপ খেলার চেষ্টায় স্লিপে থাকা ফক্সক্রফটের হাতে ক্যাচ দিয়েছেন ১১ বলে ৮ রান করা সৌম্য। পাওয়ার প্লের বাকিটা সময় দাপটের সঙ্গে খেলেছেন তানজিদ ও শান্ত। তাদের দুজনের ব্যাটে ২ উইকেটে ৬৭ রান তোলে বাংলাদেশ। একই ধারায় ব্যাটিং করতে থাকেন তানজিদ। পেয়েছেন হাফ সেঞ্চুরিও। ফক্সক্রফটের বলে স্লগ সুইপ করে ছক্কা মেরে ৩৩ বলে পঞ্চাশ ছুঁয়েছেন বাঁহাতি এই ওপেনার।

২১ রানে ২ উইকেট হারানোর পর বাংলাদেশকে এগিয়ে নিতে যা করা প্রয়োজন ছিল শান্ত ও তানজিদ মিলে সেটাই করেছেন। দ্রুত রান তোলার পাশাপাশি জুটি গড়ে বাংলাদেশকে স্বস্তিও এনে দিয়েছেন তারা দুজন। ৯৯ বলে জুটির সেঞ্চুরির পর থামতে হয়েছে ১২০ রানে। সেই জুটিতে বড় একটা অবদান রেখেছেন তানজিদ। পঞ্চাশ ছোঁয়ার পর সেঞ্চুরির পথেও হাঁটছিলেন বাঁহাতি এই ওপেনার। তবে তানজিদকে সেঞ্চুরি করতে দেননি জেডন লেনক্স।

বাঁহাতি স্পিনারের ওভারের প্রথম বলেই ছক্কা মেরেছিলেন, পরের বলেও একই চেষ্টা করেছিলেন। তবে টাইমিংয়ে গড়বড় হওয়ায় তানজিদকে ফিরতে হয়েছে ৫৮ বলে ৭৬ রানের ইনিংস খেলে। পাঁচে নেমে দ্রুতই ফিরেছেন লিটন দাস। লেনক্সের বলেই ফিরেছেন ৭ রান করে। একটু পর অবশ্য হাফ সেঞ্চুরি পেয়েছেন শান্ত। ক্র্যাম্প হওয়ার পরও সিঙ্গেল নিয়ে ৭১ বলে পঞ্চাশ ছুঁয়েছেন তিনি। ওয়ানডেতে ১৩ ইনিংস পর হাফ সেঞ্চুরি করলেন বাঁহাতি এই ব্যাটার।

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ হাফ সেঞ্চুরি করেছিলেন শান্ত। তবে পঞ্চাশের পর ক্র্যাম্পের পাশাপাশি আঙুলে চোট পাওয়ায় মাঠ ছাড়েন তিনি। পরবর্তীতে মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন তাওহীদ হৃদয়। ৩১ বলে ৩০ রান করে অপরাজিত ছিলেন ডানহাতি এই ব্যাটার। অধিনায়ক মিরাজ ২৫ বলে ৮ রান করেছেন। নিউজিল্যান্ডের হয়ে লেনক্স দুইটি ও স্মিথ নিয়েছেন একটি উইকেট।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে রয়েসয়ে খেললেও কিউইদের অস্বস্তিতে রাখেন নাহিদ। দলীয় সপ্তম ওভারে প্রথম বল হাতে নিয়েই হেনরি নিকোলসকে (১৩) লেগ বিফোর উইকেটে ফেরান তিনি। নিজের পরের ওভারে উইল ইয়াংকেও (২) আউট করেছেন নাহিদ। এরপর টম লাথাম, মুহাম্মদ আব্বাস এবং ডিন ফক্সক্রফটরা হাল ধরতে চাইলেও তারা সুবিধা করতে পারেননি।

৩৫ বলে ১৪ রান করা লাথামকে ফেরান সৌম্য। ৩৪ বলে ১৯ করা আব্বাস এবং ৩৫ বলে ১৫ রান করা ফক্সক্রফটের উইকেটে নেন নাহিদ। শেষদিকে লেনক্সকে বোল্ড করে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ওয়ানডেতে ৫ উইকেট তুলে নেন ডানহাতি এই পেসার। ৩২ রান খরচায় এই কীর্তি গড়েন তিনি। ২৯ রান খরচায় দুটি উইকেট নেন শরিফুল ইসলাম। তাসকিন আহমেদ, সৌম্য এবং রিশাদ হোসেন একটি করে উইকেট নেন।

আরো পড়ুন: