পাকিস্তান ছেড়ে নেদারল্যান্ডসের প্রধান কোচের দায়িত্বে অ্যাশলে নফকে

পাকিস্তান ক্রিকেট
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
কদিন আগে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে পাকিস্তানের বোলিং কোচের দায়িত্বে ছিলেন অ্যাশলে নফকে। চলতি এশিয়ান গেমসে কাজ করবেন পাকিস্তান শাহীনসের সঙ্গে। তবে এশিয়ান গেমসের পর পাকিস্তানের চাকরি ছাড়ছেন নফকে। সবকিছু ঠিক থাকলে দুই বছরের জন্য নেদারল্যান্ডসের প্রধান কোচের দায়িত্ব নেবেন অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার।

গত কয়েক মাসে পাকিস্তানের বেশ কয়েকজন কোচ দেশটির চাকরি ছেড়েছেন। চলতি বছরের জুলাইয়ে পাকিস্তান জাতীয় দলের ফিল্ডিং কোচের চাকরি ছেড়ে আফগানিস্তানের দায়িত্ব নেন শেন ম্যাকডরমট। এর আগে সাদা বলের দলের ব্যাটিং কোচ হানিফ মালিকও চাকরি ছেড়েছেন। লম্বা সময় পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) ফিজিওথেরাপিস্ট ক্লিফ ডিকনও দায়িত্ব থেকে সরে দাঁড়ান।

চলতি বছরের মে মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের পরই চাকরি ছাড়েন তিনি। ২০২৭ সালের জুন পর্যন্ত পিসিবির সঙ্গে চুক্তি করেছিলেন নফকে। তবে ২০২৫ সালের মে মাসে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে দায়িত্ব নেওয়া অস্ট্রেলিয়ান কোচ ১৮ মাস পরই সরে দাঁড়ালেন। নেদারল্যান্ডসে রায়ান কুকের জায়গা নেবেন নফকে। ২০২৮ সালের শেষ পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে ডাচরা।

আগামী দুই বছরে নফকের সামনে দুইটি আইসিসির টুর্নামেন্ট রয়েছে। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পাশাপাশি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসকে কোয়ালিফাই করানোর বড় চ্যালেঞ্জ থাকবে তার সামনে। নেদারল্যান্ডসের হয়ে কাজ করতে বেশ রোমাঞ্চিত অস্ট্রেলিয়ান কোচ। পরিকল্পনা ও ট্যাকটিক্সের আগে ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চান তিনি।

নফকের কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। নারী বিগ ব্যাশে ব্রিসবেন হিটকে চ্যাম্পিয়ন করেছেন তিনি। এ ছাড়া দ্য হান্ড্রেডে লন্ডন স্পিরিট, অস্ট্রেলিয়ার নারী এনসিএলে কুইন্সল্যান্ড ফায়ারের সঙ্গে কাজ করেছেন। নিউজিল্যান্ডে ওটাগোর ছেলেদের প্রোগ্রাম সামলাছেন নফকে। পাকিস্তানের দায়িত্ব নেওয়ার আগে নারী আইপিএলে কাজ করেছেন ইউপি ওয়ারিয়র্সের সঙ্গে।