সংযুক্ত আরব আমিরাতের নাগরিকত্ব পেলেন ভারত-পাকিস্তানের ৫ ক্রিকেটার

সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রবাসী ক্রিকেটার হিসেবে সংযুক্ত আরব আমিরাতের ঘরোয়া ক্রিকেটে খেলতেন খুজাইমা বিন তানভীর, অজয় কুমার, আকাশদীপ নাথ, হারপ্রীত ভাটিয়া এবং আদিব উসমানি। তবে এখন থেকে আর প্রবাসী পরিচয়ে খেলতে হবে না ভারত ও পাকিস্তানের বংশোদ্ভুত পাঁচ ক্রিকেটারকে। তাদের সবাইকে নাগরিকত্ব দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দ্রুতই পাসপোর্টও পেয়ে যাবেন তারা।

সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট মূলত প্রবাসী ক্রিকেটারদের উপর নির্ভরশীল। বেশিরভাগ ক্রিকেটার এসেছেন ভারত ও পাকিস্তান থেকে। জীবিকার প্রয়োজনে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমিয়েছেন, পরবর্তীতে ক্রিকেটের সঙ্গেও যুক্ত হয়েছেন। আইসিসির নিয়ম অনুযায়ী কোনো দেশে তিন বছর অবস্থান করার পর সেই দেশটির হয়ে খেলার যোগ্যতা অর্জন করেন।

সেটার অংশ হিসেবেই ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যুক্ত হয়েছেন। ২০১৮ সালে দেশটির রাষ্ট্রপতির একটি অধ্যাদেশ জারির পর ফুটবল, রাগবি ও জুডোর খেলোয়াড়রা নাগরিকত্ব পেতেন। এবারই প্রথম ক্রিকেটে কাউকে নাগরিকত্ব দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

খুজাইমা তানভীর এখনো পর্যন্ত ডেজার্ট ভাইপার্স, দুবাই ক্যাপিটালস, নিউ ইয়র্ক স্ট্রাইকার্স ও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসের হয়ে খেলেছেন। বাঁহাতি পেসার অজয়ের অভিজ্ঞতা আছে আবুধাবি নাইট রাইডার্স ও ডেকান গ্লাডিয়েটর্সের হয়ে খেলার। তাদের মধ্যে সবচেয়ে বড় তারকা আকাশদীপ।

আইপিএলে তিনটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন ভারতের লক্ষ্ণৌতে জন্ম নেওয়া এই ক্রিকেটার। ২০১২ সালে সহ-অধিনায়ক হিসেবে ভারতের হয়ে যুব বিশ্বকাপ জেতা আকাশদীপ আইপিএল খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কিংস ইলেভেন পাঞ্জাব (বর্তমানে পাঞ্জাব কিংস) ও গুজরাট লায়ন্সের হয়ে।

চার মৌসুমে ১৪ ম্যাচে মাত্র ৯০ রান করেছেন আকাশদীপ। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের নাগরিকত্ব পেয়েছেন হারপ্রীত ও আদিব। দুই ম্যাচের টি-টোয়েন্টি এবং একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলতে নেপালে অবস্থান করছে দেশটির ক্রিকেটাররা। নাগরিকত্ব পাওয়া সব ক্রিকেটারই আছেন নেপাল সফরের স্কোয়াডে।

আরো পড়ুন: