খেলোয়াড়দের সঙ্গে আলাপে নাকভি পুরো দলের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেন। সিরিজ জয়ে অবদান রাখার জন্য টিম ম্যানেজার নাভিদ আক্রম চিমা, প্রধান কোচ মাইক হেসন, অধিনায়ক সালমান আলী আঘা এবং পুরো স্কোয়াডকে অভিনন্দন জানান তিনি। তার ভাষায়, এই সাফল্য এসেছে সবার সম্মিলিত প্রচেষ্টায়।
খেলোয়াড়দের উদ্দেশে মহসিন নাকভি বলেন, 'তোমাদের অসাধারণ পারফরম্যান্সে পাকিস্তান গর্বিত। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে এমন পারফরম্যান্স সত্যিই প্রশংসার যোগ্য।'
দলের মানসিকতা নিয়েও কথা বলেন পিসিবি চেয়ারম্যান, 'কঠোর পরিশ্রম, দলগত কাজ আর পেশাদারিত্ব সব সময়ই সাফল্য এনে দেয়। এই সিরিজে তোমাদের খেলাই তার প্রমাণ।'
তৃতীয় ও শেষ টি–টোয়েন্টির জন্য দলকে শুভকামনা জানিয়ে আশাবাদ ব্যক্ত করেন নাকভি। পাশাপাশি দলের সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন পাকিস্তান ক্রিকেটের এই অভিভাবক।
তিনি আরো বলেন, 'দেশজুড়ে সমর্থকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। এমন পারফরম্যান্স দলের আত্মবিশ্বাস বাড়ায় এবং ক্রিকেটপ্রেমীদের আগ্রহ নতুন করে জাগিয়ে তোলে। আগামী ম্যাচগুলোতেও একই মনোযোগ ও উদ্যম ধরে রাখতে হবে।'