আইপিএল শুরুর আগেই ৪ নম্বরে ব্যাটিংয়ের নিশ্চয়তা পেয়েছিলেন রিজভি

আইপিএল
দিল্লির জার্সিতে সামির রিজভি
দিল্লির জার্সিতে সামির রিজভি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
দিল্লি ক্যাপিটালসের তরুণ ব্যাটার সামির রিজভি মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৫১ বলে ৯০ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেছেন। আগের আসরে চেন্নাই সুপার কিংসে খেললেও এবার দিল্লিতে বেশ ভালোভাবে মানিয়ে নিয়েছেন রিজভি। এই তরুণ ব্যাটারের সাফল্যের এটাই বড় কারণ মনে করেন দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ ইয়ান বেল।

১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঝড়ো ইনিংস খেলেছেন রিজভি। তার ইনিংসে ছিল সাতটি করে চার ও ছক্কা। শনিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত ম্যাচে এই জয়ের মাধ্যমে শেষ সাত দেখায় মাত্র দ্বিতীয়বারের মতো মুম্বাইকে হারিয়েছে দিল্লি। ডানহাতি এই ব্যাটার আইপিএল ক্যারিয়ারের শুরুটা খুব একটা ভালো না হলেও টানা তিনটি হাফ সেঞ্চুরি করে এখন দারুণ ছন্দে রয়েছেন।

ম্যাচ শেষে রিজভির পরিণত ব্যাটিংয়ের প্রশংসা করে বেল বলেন, 'সে দারুণ খেলেছে। আগেও বলেছি, সে খুব ভালোভাবে মানিয়ে নিয়েছে, আর আগের ম্যাচের পর আমরা এ নিয়েই কথা বলেছিলাম। এটা তার ঘরের মাঠ, তাই কন্ডিশন সে ভালো জানে। তবে এর সঙ্গে মানিয়ে নেয়ার ক্ষমতাও দেখিয়েছে। ভালো খেলোয়াড়রা বিভিন্ন উইকেটে নিজেদের মানিয়ে নিতে পারে, আজ সে সেটাই অসাধারণভাবে করেছে। আমরা জানতাম কম বাউন্সের উইকেটে সোজা খেলাটা বেশি গুরুত্বপূর্ণ, খুব বেশি স্কয়ার খেলা ঠিক নয়, আর সে সেটা খুব ভালোভাবে করেছে।'

এদিকে রিজভি জানান, দলের ম্যানেজমেন্ট আইপিএল শুরুর আগেই তাকে ৪ নম্বরে ব্যাটিংয়ের নিশ্চয়তা দিয়েছিল। খোলাসা করে তিনি বলেন, 'টুর্নামেন্ট শুরুর আগে তারা বলেছিল, আমরা তোমাকে চার নম্বরে খেলার সুযোগ দেব। তুমি যেভাবে খেলতে চাও, সেভাবেই খেলতে পারবে। সবকিছুতেই স্বাধীনতা আছে।''

দলের ভারসাম্যের কথাও তুলে ধরেন বেল। অভিজ্ঞ ক্রিকেটারদের উপস্থিতি তরুণদের এগিয়ে নিতে সাহায্য করছে বলে মনে করেন তিনি। বেল বলেন, 'শুধু তরুণরাই নয়, লোকেশ রাহুল, অক্ষর, কুলদীপের মতো সিনিয়ররাও দলে আছে। অভিজ্ঞতা আর তারুণ্যের দারুণ মিশেল রয়েছে আমাদের দলে। এই মুহূর্তে সামিরই স্বাভাবিকভাবেই আলোচনায় থাকছে।'

নিজের মানসিকতা নিয়ে রিজভি জানিয়েছেন, তিনি ইতিবাচক থাকা এবং পরিস্থিতি অনুযায়ী খেলার দিকেই মনোযোগ দিয়েছেন। সাফল্যের রহস্য জানিয়ে রিজভির ভাষ্য, 'মূলত আমি চেষ্টা করেছি ক্রিকেট বা ব্যাটিং নিয়ে খুব বেশি ভাবতে না। মাঠে নামলে পরিস্থিতি অনুযায়ী খেলতে চাই। আর আমরা যদি আগে ব্যাট করি, তাহলে ইতিবাচক থাকতে হবে। আমি যত বেশি ইতিবাচক থাকব, তত ভালো শট খেলতে পারব।'