‘কলকাতায় ৪ ওভার বোলিং করার মতো একজনও নেই’

আইপিএল
কলকাতা দল, ফাইল ফটো
কলকাতা দল, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
উগ্রবাদীদের হুমকির মুখে মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেবার পর থেকেই শনির দশা পিছু নিয়েছে কলকাতা নাইট রাইডার্সের। একে একে ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন দলের গুরুত্বপূর্ণ সব পেসার। মৌসুমের প্রথম দুই ম্যাচেই বোলিং লাইনআপের বেহাল দশায় রীতিমতো দিশেহারা কলকাতা। এবার কলকাতার এমন বোলিং নিয়ে রীতিমতো বিদ্রুপ করলেন ভারতের সাবেক স্পিনার রবিচন্দন অশ্বিন।

আইপিএল শুরুর আগেই একের পর এক পেসারকে হারিয়েছে কলকাতা। লঙ্কান পেসার মাথিশা পাথিরানার পর একে একে ইনজুরির কারণে ছিটকে গেছেন আকাশ দীপ ও হার্শিত রানার মত জাতীয় দলের পেসাররা। এর সাথে যোগ হয়েছে অজি পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের বোলিং করার অনুমতি না পাওয়া। সাথে স্পিনার বরুণ চক্রবর্তীর অফফর্ম যেন মরার ওপর খড়ার ঘা হয়ে এসেছে।

‎প্রথম দুই ম্যাচেই দলের বোলিংয়ের বেহাল দশার এই প্রভাব টের পেয়েছে কলকাতা। প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ব্যাটাররা ২২০ রানের পুঁজি এনে দিলেও প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে পারেননি দলটির বোলাররা। দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষেও বোলাররা হজম করেন ২২৬ রান।

দুই ম্যাচেই মাঠে রীতিমতো অসহায় ছিলেন কলকাতার বোলাররা। অধিনায়ক আজিঙ্কা রাহানেকে এই লাইনআপ নিয়ে পুরো টুর্নামেন্টেই সমস্যায় পড়তে হবে বলে আশঙ্কা করছেন অশ্বিন।

‎নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, 'কলকাতা এই মৌসুমে অনেক সমস্যায় পড়বে। তাদের ব্যাটিং, বোলিং- এসব ভুলে যান। যেভাবে তারা এই ম্যাচ এবং আগের ম্যাচ খেলেছে, তাতে আমার মনে হয় তাদের এমন একজন বোলারও নেই, যার ওপর ভরসা করে পুরো চার ওভার করানো যায়। অনেক সময় ১-২ জন দুর্বল বোলার থাকে, যাদের হয়তো সমর্থন দিয়ে দলে রাখা যায়, কিন্তু এখানে এমন একজনও নেই, যে নিশ্চিতভাবে চার ওভার ভালো করতে পারবে।'

প্রথম সারির সব পেসারকে হারিয়ে কলকাতার বড় ভরসা হতে পারতেন টি-টোয়েন্টির সাবেক বিশ্বসেরা স্পিনার বরুণ। কিন্ত এই স্পিনার যেন নিজের ছায়া হয়ে আছেন বেশ কিছুদিন ধরে। এমন অবস্থায় বরুণকে কিছুদিন সময় নিয়ে নিজের বোলিং নিয়ে কাজ করার পরামর্শ অশ্বিনের।

অশ্বিন বলেন, 'যখন একজন বোলারকে বারবার মার খেতে হয়, তখন তার জন্য কঠিন সময় আসে, বরুণের জন্য এটা তেমনই একটি সময়, যা সে আগে কখনও দেখেনি। এটা তার জন্য বড় ধাক্কা। তাকে দেখে মনে হচ্ছে তার আত্মবিশ্বাস অনেক কমে গেছে। এত চাপের মধ্যে থাকলে অনুশীলনের পদ্ধতিতেও পরিবর্তন আনতে হয়। আমার মনে হয়, তার কিছুটা সময় নেয়া উচিত। তাকে তার হাতের গতি বাড়াতে হবে এবং এসব জিনিস নেটে অনুশীলন করতে হবে।'

'শুধু নেটে গিয়ে নিজের মতো করে স্পট বোলিং করলেই হবে না। এই ধাপটা সবার ক্যারিয়ারেই আসে, যখন ব্যাটসম্যানরা সহজেই আপনাকে খেলতে শুরু করে এবং রান তুলতে থাকে। তখন খেলাটা আপনাকে বাধ্য করে নতুন উপায় খুঁজে বের করতে এবং এগিয়ে যেতে। তাকে নিজের উত্তর খুঁজে বের করতেই হবে।'

আরো পড়ুন: