এদিন টসে জিতে রাওয়ালপিন্ডিকে আগে ব্যাটিংয়ে পাঠায় করাচি। ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় দলটি। দলীয় ৫৫ রানের মধ্যে তারা হারায় উপরের সারির ৩ ব্যাটারকে। এর মধ্যে রাওয়ালপিন্ডির অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকে আউট করে শুরুতেই ধাক্কা দেন হাসান আলী।
২১ রান করা এই ওপেনার হাসানের শর্ট বলে পুল করতে গিয়ে উইকেটের পেছনে আজম খানকে ক্যাচ দেন। বাকি দুই উইকেট নেন খুশদিল শাহ। এই স্পিনারের বল সুইপ করতে গিয়ে লাইন মিস করে বোল্ড হন ৮ রান করা ইয়াসির খান। এরপর কামরান গুলাম পুল করতে গিয়ে ইনসাইড এজ হয়ে বোল্ড হয়ে ফেরেন।
তার ব্যাট থেকে আসে মাত্র ১০ রান। সেখান থেকেই রাওয়ালপিন্ডির ইনিংস টেনেছেন ড্যারিল মিচেল ও স্যাম বিলিংস। দুজনে মিলে শতরানের জুটি গড়ে রাওয়ালপিন্ডিজের বড় ইনিংস নিশ্চিত করেন। জুটি গড়ার পথে অ্যাডাম জাম্পাকে ডিপ দিয়ে চার মেরে মাত্র ৩৩ বলে হাফ সেঞ্চুরিতে পৌঁছান মিচেল।
অন্যদিকে ১৭তম ওভারে আব্বাস আফ্রিদির ওপর চড়াও হয়েছিলেন বিলিংস। সেই ওভারেই ডিপ মিড উইকেট দিয়ে চার মেরে ২৯ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন বিলিংস। ১২০ রানের এই জুটি ভেঙেছে বিলিংসের বিদায়ে। হাসান আলীর বলে বোল্ড হয়ে ফিরেছেন এই উইকেটকিপার ব্যাটার। তার ব্যাট থেকে আসে ৩৫ বলে ৫৮ রানের ইনিংস।
পরের ওভারে মীর হামজার শিকার হন মিচেল। তিনি ডাউন দ্য উইকেটে এসে বড় খেলতে খেলতে গিয়ে ডিপে ক্যাচ দেন মোহাম্মদ ওয়াসিমকে। আর তাতেই শেষ হয় তার ৪১ বলে ৬৫ রানের ইনিংস। হাসান শেষ ওভারে ফিরিয়েছেন কোল ম্যাকনিকে। রিশাদ শেষদিকে নেমে ১ বলে কোনো রান না করেই অপরাজিত থাকেন। আব্দুল্লাহ ফজল খেলেন ৭ বলে ১৮ রানের ক্যামিও। আর তাতেই লড়াইয়ের পুঁজি নিশ্চিত হয়ে যায় রাওয়ালপিন্ডির।