শরিফুলের পেশোয়ারের কাছে হারল রিশাদের পিন্ডিজ

পিএসএল
পিএসএল
পিএসএল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রথম দুই ওভারে উইকেটশূন্য থাকলেও আঁটসাঁট বোলিং করেন রিশাদ হোসেন। নিজের তৃতীয় ওভারে এসে পাকিস্তান প্রিমিয়ার লিগের (পিএসএল) চলতি মৌসুমে এসে পেলেন প্রথম উইকেটের দেখা। ফেরান অস্ট্রেলিয়ার অ্যারন হার্ডিকে। তিন ওভারে প্রতিপক্ষকে আটকে রাখলেও শেষ ওভারে খরুচে বোলিং করলেন রিশাদ। সেই ওভারে দিলেন ১৮ রান। পিন্ডিজের জার্সিতে কোটার ৪ ওভারে ৩৫ রান খরচায় নিলেন মাত্র এক উইকেট।

একই ম্যাচে পেশোয়ারের জার্সিতে পিএসএল অভিষেক হয়েছে শরিফুল ইসলামের। ডানহাতি লেগ স্পিনারের মতো তিনিও প্রথম তিন ওভারে বেশ আঁটসাঁট বোলিং করেছেন। শেষ ওভারে একটু বেশি রান দিলেও প্রতিপক্ষের পুঁজি বিবেচনায় একেবারে খারাপ করেননি বাঁহাতি এই পেসার। অভিষেকে উইকেটশূন্য থাকা শরিফুল ৪ ওভারে খরচা করলেন ৩১ রান। দুই বাংলাদেশির লড়াইয়ের ম্যাচে রিশাদের পিন্ডিজকে ৫ উইকেটে হারিয়েছে শরিফুলের পেশোয়ার।

রান তাড়ায় পেশোয়ারের শুরুটা হয়েছে দারুণভাবে। বাবর ও হারিস মিলে শুরু থেকেই ঝড়ো ব্যাটিংয়ে রান তুলেছেন। পাওয়ার প্লেতে কোনো উইকেটই হারায়নি তারা। বরং তাদের দুজনের ব্যাটে বিনা উইকেটে ৬২ রান তোলে পেশোয়ার। বাবর ও হারিসের ৭৮ রানের উদ্বোধনী জুটি ভাঙেন আসিফ আফ্রিদি। বাঁহাতি স্পিনারের বলে লেগ বিফোর উইকেট হয়েছেন ২৮ বলে ৩৯ রান করা বাবর। পরের ওভারে আউট হয়েছেন আরেক ওপেনার হারিসও।

আমাদ বাটের ছক্কা মারার চেষ্টায় ফিরেছেন ফাইন লেগে ক্যাচ দিয়ে। ২৮ বলে ৪৭ রানের ইনিংস খেলেছেন হারিস। তৃতীয় উইকেটে হার্ডি ও কুশল মেন্ডিস মিলে জুটি গড়ার চেষ্টা করেন। তবে সেই জুটি খুব বেশি বড় হতে দেননি রিশাদ। ডানহাতি লেগ স্পিনারের বলে ডাউন দ্য উইকেটে এসে ছক্কা মারতে গিয়ে লং অফে ক্যাচ দিয়েছেন হার্ডি। পরের ওভারে ফিরেছেন মেন্ডিসও। আমাদের স্লোয়ার ডেলিভারিতে বোকা বনে গেছেন লঙ্কান ব্যাটার।

ছক্কার চেষ্টায় রিশাদের হাতে ক্যাচ দিয়ে মেন্ডিস ফিরেছেন ১৭ বলে ৩১ রান করে। তবে ব্যাট হাতে ঝড় তোলেন মাইকেল ব্রেসওয়েল ও আব্দুল সামাদ। তাদের দুজনের মারকুটে ব্যাটিংয়ে সমীকরণ সহজ করে আনে পেশোয়ার। মাত্র ১১ বলে ৩৩ রানের ক্যামিও ইনিংস খেলে ফেরেন সামাদ। তবে পেশোয়ারের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ১৭ বলে ৩৫ রানে অপরাজিত থাকা ব্রেসওয়েল।

এর টস জিতে ব্যাটিংয়ে নেমে পিন্ডিজকে ভালো শুরু এনে দেন রিজওয়ান ও ইয়াসির। ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করতে থাকেন তারা দুজন। দুর্দান্ত ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৬৩ রান তোলে পিন্ডিজ। সুফিয়ান মুকিমের বলে ছক্কা মেরে ২৮ বলে হাফ সেঞ্চুরি করেন ইয়াসির। যদিও পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলতে পারেননি রিজওয়ান। তাদের জুটি ভাঙে ১৩তম ওভারে।

আলী রাজার বলে ফারহানের হাতে ক্যাচ দিয়েছেন রিজওয়ান। ৩২ বলে ৪১ রানের ইনিংস খেলেছেন পিন্ডিজের অধিনায়ক। ঝড়ো ব্যাটিংয়ে সেঞ্চুরির পথে হাঁটছিলেন ইয়াসির। তবে ডানহাতি ওপেনারকে সেঞ্চুরি করতে দেননি আলী রাজা। ডানহাতি পেসারের বলে আমিরের হাতে ক্যাচ দিয়েছেন ইয়াসির। সাতটি চার ও ছয়টি ছক্কায় ৪৬ বলে ৮৩ রানের ইনিংস খেলেছেন তিনি। পরবর্তীতে ব্যাট হাতে ঝড় তোলেন কামরান ও মিচেল।

তাদের দুজনের জুটি ভাঙেন হার্ডি। ২০ বলে ৩৭ রান করে আউট হয়েছেন কামরান। মিচেল আউট হয়েছেন ১৩ বলে ২৩ রান করে। শেষ পর্যন্ত ২১৪ রানের পুঁজি পেয়েছে পিন্ডিজ। পেশোয়ারের হয়ে একাদশে সুযোগ পেয়েছিলেন শরিফুল। তবে অভিষেকে ভালো করতে পারেননি তিনি। ৪ ওভারে ৩১ রান খরচা করলেও উইকেটশূন্য ছিলেন বাংলাদেশের বাঁহাতি এই পেসার। পেশোয়ারের হয়ে দুইটি উইকেট নিয়েছেন আলী রাজা।

আরো পড়ুন: