হাসান মাহমুদের পেস আগুনের সঙ্গে নাজমুল হোসেন শান্ত, তানজিদ, মুমিনুল, মেহেদী হাসান মিরাজদের ব্যাটে ১১ সেশনের সবকটিতে দাপট দেখায় বাংলাদেশ। ভারত-ইংল্যান্ডের মতো দেশরা যেখানে ‘কিছুই’ করতে পারে না বাংলাদেশ সেখানে সিরিজ ড্র করে ফিরেছে। তবে মাস দুয়েক আগের সেই পারফরম্যান্স নিয়ে পড়ে থাকতে চান না শান্ত।
বরং আফগানিস্তানের বিপক্ষে নতুন পরিকল্পনায় মাঠে নামতে চান বাঁহাতি ব্যাটার। শান্ত বলেন, ‘আপনি যেমনটা বললেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের খুব ভালো একটা সিরিজ গেছে। কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি ওইটা এখন আমাদের জন্য অতীত হয়ে গেছে। নতুন একটা কন্ডিশন, নতুন প্রতিপক্ষ এবং আমাদেরকে খুব ভালোভাবে পরিকল্পনা করতে হবে।’
অস্ট্রেলিয়া ও সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশন পুরোপুরি ভিন্ন। এশিয়ান গেমসের ব্যস্ততার জন্য দুই ভাগে আফগান সফরে গেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তাইজুল ইসলাম, মিরাজ, মুমিনুলরা গেছেন সপ্তাহখানেক আগে। লিটন দাসরা কয়েক দিন আগে এসেছেন জাপান থেকে। আগেভাগে যাওয়া ক্রিকেটাররা একটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন। সেটা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করবে বলে জানান শান্ত।
বাংলাদেশের টেস্ট অধিনায়ক বলেন, ‘অবশ্যই এখনকার কন্ডিশনটা ভিন্ন। বেশ কয়েকজন ক্রিকেটার একটু আগে এসেছে এবং একটা প্রস্তুতি ম্যাচও খেলেছে। আশা করি সেটা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করবে। আমি বিশ্বাস করি খেলোয়াড়রা সবাই প্রস্তুত আছে, তারা কন্ডিশন এবং প্রতিপক্ষের সঙ্গে মানিয়ে নেবে।’
আবুধাবিতে বাংলাদেশের বড় একটা চ্যালেঞ্জ হতে পারে গরম। যদিও সেটাকে অজুহাত হিসেবে দেখতে চান না। শান্ত বলেন, ‘আমার মনে হয় প্রস্তুতি ভালো হয়েছে। কন্ডিশন তো একটু গরম, এটা থাকবেই। তবে আমি বা আমরা পেশাদার খেলোয়াড় হিসেবে এটাকে একদমই অজুহাত হিসেবে দেখতে চাই না। আমার মনে হয় খেলোয়াড়রাও এগুলো নিয়ে খুব বেশি চিন্তা করছে না।’
টেস্টের দুদিন আগে উইকেট দেখেছেন শান্ত। ম্যাচের আগের দিনে আবারও দেখার সুযোগ পাবেন বাংলাদেশের অধিনায়ক। আবুধাবির উইকেট খানিকটা ধীরগতির হতে পারে, একদিন আগে এমন ইঙ্গিত দিয়েছেন ফিল সিমন্স। বাংলাদেশের প্রধান কোচের সঙ্গে সুর মেলালেন শান্তও। যদিও বাঁহাতি ব্যাটার মনে করেন, উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো হতে পারে।
তিনি বলেন, ‘উইকেট গতকালকে একটু দেখার সুযোগ হয়েছে, আজকে আরেকবার একটু দেখব। দেখে ভালো মনে হয়েছে, হয়তো একটু স্লো থাকতে পারে। তবে আমার মনে হয় ব্যাটিংয়ের জন্য ভালো হবে। আশা করছি যে খুব ভালো একটা টেস্ট ম্যাচই হবে।’
নিজের অসুস্থতা থেকে সেরে ওঠা নিয়ে বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘ব্যক্তিগতভাবে রিকোভারি ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ্ এখন সুস্থ আছি। গত দুইদিন প্র্যাকটিস করেছি, ভালো ফিল করছি।’