বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও সেমিফাইনালে উঠে গেল বাংলাদেশ

এশিয়ান গেমস
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
মাঠে রোদ ছিল, ওয়ার্মআপও করেছেন দুই দলের ক্রিকেটাররা। তবু বাংলাদেশ–চীন ম্যাচ শুরু করা যায়নি। এর আগে হওয়া বৃষ্টিতে ভেজা আউটফিল্ড আর শুকায়নি। ফলে এশিয়ান গেমসের ক্রিকেটে কোয়ার্টার ফাইনালের ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। টসও হয়নি।

র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান দশম, চীন ৩৬তম। আগামীকাল বাংলাদেশ সময় বেলা ১১টায় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ভারত ও জাপান। ওই ম্যাচের জয়ী দলের বিপক্ষে ২০ সেপ্টেম্বর সেমিফাইনাল খেলবে বাংলাদেশ।

এশিয়ান গেমসে নারী ক্রিকেটে এর আগে তিনটি পদক জিতেছে বাংলাদেশ- দুটি রুপা ও একটি ব্রোঞ্জ। চীনের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের পাঠানো ভিডিও বার্তায় ব্যাটার সোবহানা মুশতারি এবারও পদক জয়ের আশা প্রকাশ করেছিলেন। তবে বৃষ্টির কারণে মাঠে নামার সুযোগই হলো না বাংলাদেশের।

চীনের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে এটি ছিল সবচেয়ে বড় ম্যাচ। ২০১০ এশিয়ান গেমসের সেমিফাইনালে চীনকে ৩৪ রানে অলআউট করে মাত্র ৭ ওভারে ৯ উইকেটে জিতেছিল বাংলাদেশ। তবে সেই ম্যাচ আন্তর্জাতিক স্বীকৃতির আওতায় ছিল না। তাই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চীনের বিপক্ষে আজই প্রথম ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের।

শেষ পর্যন্ত সেই অপেক্ষাও শেষ হলো না। ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর দুই দলের ক্রিকেটাররা হাত মিলিয়ে মাঠ ছাড়েন। বৃষ্টির বাধায় ম্যাচ না হলেও র‍্যাঙ্কিংয়ের সুবাদে সেমিফাইনালের টিকিট নিশ্চিত হয়েছে বাংলাদেশের।

আরো পড়ুন: