বাংলাদেশ ও নেপাল এখনো পর্যন্ত দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়নি। আন্তর্জাতিক ক্রিকেটে দুই দেশ মাত্র দুইবার খেলার সুযোগ পেয়েছে। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলে বাংলাদেশ। চট্টগ্রামে সেবার ৮ উইকেটের বড় জয় পায় স্বাগতিকরা। ১০ বছর পর আবারও টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয় তারা।
যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে ২১ রানের জয় পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত-লিটন দাসরা। এবার বাংলাদেশের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলার প্রস্তাব দিয়েছেন ঘনশ্যাম ভান্ডারি। দুই দেশের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর বিষয়ে বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত। সচিবালয়ে হওয়া সেই বৈঠকেই আমিনুলকে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তাব দিয়েছেন ঘনশ্যাম ভান্ডারি।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত বলেন, ‘সম্প্রতি নেপাল ও বাংলাদেশের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হয়নি। আমাদের জনগণ, বিশেষ করে সাম্প্রতিক দুর্যোগ থেকে ঘুরে দাঁড়ানো মানুষদের অনুপ্রেরণা প্রয়োজন। আমরা বাংলাদেশকে একটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের অনুরোধ করছি। আমাদের দল বাংলাদেশে সফরের জন্য পুরোপুরি প্রস্তুত। অথবা আমরা বাংলাদেশকে নেপালে স্বাগত জানাতে প্রস্তুত।’
আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিলে বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনার আশ্বাস দিয়েছেন আমিনুল। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা ক্রীড়া কূটনীতিতে দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং বিভিন্ন খেলায় সহযোগিতা বাড়াতে ইতিমধ্যে কাজ করছি।’
নেপালের ত্রাণ, পুনরুদ্ধার ও মানবিক কার্যক্রমে সহায়তা দিতে দেশটির প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে ১০ লাখ মার্কিন ডলার (১২ কোটি ৩০ লাখ টাকা) সহায়তা দিয়েছে বাংলাদেশ। সময় মতো সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ঘনশ্যাম ভান্ডারি।