ফলে বাংলাদেশের বিপক্ষে কোনো প্রতিযোগীতামূলক ম্যাচের প্রস্তুতি ছাড়াই মাঠে নেমেছেন স্টার্ক। পাশাপাশি অস্ট্রেলিয়া দলও বাংলাদেশ সিরিজের আগে যথেষ্ঠ প্রস্তুতি নেয়নি বলে প্রস্তুতি তুলেছেন অনেকে। তবে স্টার্ক প্রস্তুতির বিষয়টি উড়িয়ে দিয়েছেন। বাংলাদেশ-অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে এবিসি স্পোর্টের সঙ্গে কথা বলেছেন স্টার্ক।
সেখানে প্রস্তুতি নিয়ে তিনি বলেছেন, 'আমি যেটা বলব, প্রস্তুতির কোনো নিখুঁত পদ্ধতি নেই। কেউ ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলছে, কেউ আবার বিভিন্ন সময়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যাচ্ছে। তবে আমি বলছি না, এই ম্যাচের ক্ষেত্রে সেটাই হয়েছে। আমাদের জন্য এটাও কিছুটা অস্বাভাবিক সময়। কারণ বছরের এই সময়ে সাধারণত আমরা দেশের বাইরে সফরে থাকি। সেটাও হিসাবের মধ্যে রাখতে হবে।'
বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে প্রস্তুতির ঘাটতি ছিল না সেটা জোর দিয়েই বলেছেন স্টার্ক। তিনি বলেন, 'সফরের সূচি, খেলোয়াড় এবং আরও অনেক কিছুর ওপর ভিত্তি করে একেক সফরের প্রস্তুতি একেক রকম হয়। তাই আমি বলব, এবারের প্রস্তুতিটা অনেকটাই ব্যক্তিভেদে আলাদা ছিল। বোলিং গ্রুপের কথা বলতে পারি। আমরা প্রতি সপ্তাহেই ব্রিসবেনে বোলিং করেছি। মারনাসকে সেখানে একটানা তিন ঘণ্টা করে ব্যাটিং করতে দেখেছি, আরও কয়েকজন ব্যাটসম্যানও ছিল।'
ডারউইন টেস্টে একেবারেই ভালো অবস্থায় নেই অজিরা। এ কারণেই তাদের প্রস্তুতি নিয়ে বড় প্রশ্ন উঠেছে। তৃতীয় দিনের খেলা শেষে এখনও বাংলাদেশের চেয়ে ৬৭ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ১৯৮ রানে অল আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ১৬১ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে অস্ট্রেলিয়া। এরপরও স্টার্ক জানিয়েছেন প্রত্যেক দলের প্রস্তুতির ধরণ আলাদা।
এমন অভিযোগ ইংল্যান্ডের বিরুদ্ধেও ছিল বলে উদাহরণ টেনেছেন তিনি। স্টার্ক বলেন, 'এখন বলা সহজ যে প্রস্তুতিটা ঠিক ছিল না। গত বছর ইংল্যান্ডের ক্ষেত্রেও এমন বলা হয়েছিল। ভবিষ্যতে আমাদের ক্ষেত্রেও এমন বলা হতে পারে, অন্য দলগুলোর ক্ষেত্রেও হবে। তবে প্রত্যেকের প্রস্তুতির ধরন আলাদা।'