সকালে দ্রুত উইকেট নিয়ে বাংলাদেশকে চাপে ফেলতে চায় অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজ
তানজিদ হাসান তামিম ও মুমিনুল হক মিলে দিনের খেলা শেষ করেছেন
তানজিদ হাসান তামিম ও মুমিনুল হক মিলে দিনের খেলা শেষ করেছেন
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সকালের শুরুতে হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও ইবাদত হোসেনের পেস আগুনে পুড়লেন ট্রাভিস হেড, মার্নাস ল্যাবুশেনরা। স্টিভ স্মিথের হাফ সেঞ্চুরি ছাড়া বাকিদের কেউই বলার মতো কিছু করতে পারলেন না। ব্যাটিংয়ে দুইশর আগে গুটিয়ে যাওয়ার পর বোলিংয়েও শুরুটা ভালো হলো না অস্ট্রেলিয়ার। প্রথম দিন শেষে এক উইকেটে ৯৬ রান তুলেছে বাংলাদেশ। তবে দ্বিতীয় দিন সকালে দ্রুত কয়েকটি উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে চাপে ফেলতে চায় অজিরা।

অ্যাশেজের পর থেকে সাদা বলের ক্রিকেটে ব্যস্ত সময় পার করেছে অস্ট্রেলিয়া। কয়েক মাস পর সাদা পোশাকের ক্রিকেট খেলতে নেমে কিছুটা অস্বস্তি ছিলেন ব্যাটাররা। গ্রীষ্মের শুরুতে বাংলাদেশের বিপক্ষে শুরুটা হয়েছে দুঃস্বপ্নের মতো। সবুজ উইকেট থেকে মুভমেন্ট আদায় করে নিয়েছেন, নিখুঁত লাইন-লেংথও বজায় রেখেছিলেন বাংলাদেশের পেসাররা। সেটাতেই কাল হয়েছে অস্ট্রেলিয়ান ব্যাটারদের।

হাসান, ইবাদত ও তাসকিনের ‍গোছানো বোলিংয়ে প্রথম ইনিংসে মাত্র ১৯৮ রানে গুটিয়ে গেছে স্বাগতিকরা। বাংলাদেশ অবশ্য অজিদের অল্পতেই গুটিয়ে যাওয়ার পর ব্যাটিংয়ের শুরুটাও ভালো করেছে। সাদমান ইসলামের উইকেট হারালেও দিনের বাকিটা সময় অনায়াসে পার করেছেন তানজিদ হাসান তামিম ও মুমিনুল হকরা। ১ উইকেটে ৯৬ রান তোলা বাংলাদেশ এখনো পিছিয়ে আছে ১০২ রানে।

অস্ট্রেলিয়ার মাটিতে রীতিমতো স্বপ্নের মতো একটা দিন পার করেছে বাংলাদেশ। বিপরীতে পুরো দিনে সফরকারীদের চ্যালেঞ্জ জানাতে পারেনি অস্ট্রেলিয়া। স্মিথ নিজেও স্বীকার করলেন এটা তাদের সেরা দিন ছিল না। শেষ বিকেলে বাংলাদেশের আরও কয়েকটি উইকেট তুলে নিতে পারলে ভালো হতো বলে জানান তিনি। যদিও দ্বিতীয় দিন সকালে বাংলাদেশকে চাপে ফেলার পরিকল্পনা করছেন তারা।

কায়ো স্পোর্টসের সঙ্গে আলাপকালে স্মিথ বলেন, ‘এটা মোটেও আমাদের সেরা দিন ছিল না। আসলে ম্যাচের এখনো অনেকটা বাকি। বাংলাদেশ এখনো হয়ত একশ রানে পিছিয়ে আছে, মাত্র একটি উইকেট হারিয়েছে। আমরা যদি আরও কয়েকটা উইকেট নিতে পারতাম তাহলে ভালো হতো। আশা করছি কাল সকালে আমরা শুরুটা ভালো করব এবং দ্রুত কয়েকটি উইকেট তুলে নিয়ে তাদের চাপে ফেলতে পারব।’

একই বিষয়ে সংবাদ সম্মেলনে ডানহাতি ব্যাটার বলেন, ‘আমরা মাত্রই মাঠ থেকে এলাম। খেলোয়াড়রা এখনো ক্লান্তি দূর করার জন্য রিকোভারির মধ্যে আছে। তবে আমাদের বোলাররা নিশ্চয় কালকের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করে দিয়েছে। আশা করছি কাল সকালে দ্রুতই কিছু উইকেট তুলে নিয়ে আমরা ম্যাচে ফিরতে পারব।’

ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডের সবুজ উইকেট থেকে ফায়দা নিয়েছেন হাসান, তাসকিন, ইবাদতরা। মুভমেন্টের সঙ্গে ছোট ছোট সুইংয়ে অস্ট্রেলিয়ান ব্যাটারদের পরীক্ষা নিয়েছেন তারা। প্রথম দুই সেশনেই চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে স্বাগতিকদের। টেস্টের আগের দিন উইকেট দেখে হার্ডরক মনে হলেও প্রথম দিনের সকালে স্টিকি ছিল বলে জানান স্মিথ। ডানহাতি ব্যাটার এও বলেছেন যে বিকেলে ব্যাটিং করাটা তুলনামূলক সহজ ছিল।

প্রথম দিনের সকালের মতো উইকেট থাকলে দ্বিতীয় দিনের সকালেও ব্যাটিং করাটা কঠিন হবে। তিনি বলেন, ‘আমার মনে হয় উইকেট পরের দিকে কিছুটা হার্ড রক (শক্ত) এবং ব্যাটিং সহায়ক হয়েছে। আজকের সকালের স্টিকি ভাবের তুলনায় বিকেলের উইকেটপ কিছুটা আলাদা ছিল। কাল সকালে উইকেট কেমন থাকে সেটা আসলে গুরুত্বপূর্ণ। একটু আগেও যেটা বললাম গতকাল আমাদের সবার ধারণা ছিল উইকেট পুরোপুরি হার্ড রক (শক্ত) ছিল। কিন্তু আজকে সকালে একদম ভিন্ন চিত্র দেখা গেল। রাতে যদি আবারও আবহাওয়া পরিবর্তন হয় তাহলে কাল সকালেও ব্যাটিংয় করাটা কঠিন হবে।’

আরো পড়ুন: