রিজওয়ানের ৪ উইকেটের পর দিপু-শুক্কুরের ব্যাটে বাংলাদেশ ইমার্জিংয়ের জয়

বাংলাদেশ ইমার্জিং দলের সাউথ আফ্রিকা সফর
বিসিবি
বিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
রোহানাত দোলা বর্ষন, আমিনুল ইসলাম বিপ্লবের সঙ্গে চৌধুরি মোহাম্মদ রিজওয়ান মিলে যুক্তরাষ্ট্র ‘এ’ দলকে গুঁড়িয়ে দেন। ব্যাটিংয়ে শুরুটা ভালো না হলেও বাংলাদেশ ইমার্জিং দলকে পথ হারাতে দেননি শাহাদাত হোসেন দিপু ও ইরফান শুক্কুর। তাদের দুজনের হাফ সেঞ্চুরিতে ৭ উইকেটের সহজ জয়ই পেয়েছে সফরকারী বাংলাদেশ।

রানতাড়ায় শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম ওভারেই ফেরেন হাবিবুর রহমান সোহান। নিজের দ্বিতীয় বলেই বড় শট খেলার চেষ্টায় ক্যাচ দিয়ে ফিরতে হয়েছে ডানহাতি ওপেনারকে। মাহফিজুল ইসলাম রবিনও টিকতে পারেননি বেশিক্ষণ। অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে ক্যাচ দিয়েছেন পয়েন্টে। ১৫ বলে ৮ রান করেছেন তরুণ এই ব্যাটার। ১১ রানে ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ।

যদিও বিপদ বাড়তে দেননি দিপু ও ইফতেখার হোসেন ইফতি। তারা দুজনে মিলে সফরকারীদের এগিয়ে নিয়েছেন। বিশেষ করে দিপু ছিলেন আক্রমণাত্বক। ডানহাতি ব্যাটারের ঝড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৭৫ রান তোলে বাংলাদেশ। পাওয়ার প্লে শেষেই ফিরেছেন ইফতি। ছক্কা মারতে গিয়ে ক্যাচ দিয়েছেন লং অনে। ১৬ রান করেছেন বাঁহাতি এই ব্যাটার।

একটু পর ছক্কা মেরে ৩৬ বলে হাফ সেঞ্চুরি করেন দিপু। ডানহাতি ব্যাটারকে দারুণভাবে সঙ্গ দেওয়ার পাশাপাশি দ্রুত রানও তুলেছেন ইরফান শুক্কুর। চার মেরে ৩২ বলে পঞ্চাশ ছুঁয়েছেন বাঁহাতি এই ব্যাটার। শেষ পর্যন্ত শুক্কুর অপরাজিত ছিলেন ৩৯ বলে ৫৮ রানের ইনিংস খেলে। ৫৬ বলে ৭৩ রান করে অপরাজিত ছিলেন অধিনায়ক দিপু। দুজনের হাফ সেঞ্চুরিতেই শেষ পর্যন্ত সহজ জয় পেয়েছে বাংলাদেশ।

এর আগে টস জিতে আগে ফিল্ডিং নেওয়া বাংলাদেশকে দ্বিতীয় ওভারেই উইকেট এনে দেন বর্ষণ। ডানহাতি এই পেসারের শর্ট ডেলিভারিতে পুল করতে গিয়ে উইকেটকিপারকে ক্যাচ দিয়েছেন মুইরহেড। তবে দ্বিতীয় উইকেটে দারুণ এক জুটি গড়েন টিগার ও শ্যূড। তারা দুজনে যোগ করেছেন ১১৯ রান। মইন খানের বলে সিঙ্গেল নিয়ে ৪৩ বলে হাফ সেঞ্চুরি করেন টিগার। শ্যুড পঞ্চাশ ছুঁয়েছেন ৫৫ বলে।

বাঁহাতি ব্যাটারকে ফিরিয়ে জুটি ভাঙেন ইকবাল হোসেন ইমন। ডানহাতি পেসারের বলে পুল করতে গিয়ে ডিপ স্কয়ার লেগ ক্যাচ দিয়েছেন ৫১ রানের ইনিংস খেলা শ্যুড। পরের ওভারে আউট হয়েছেন টিগারও। বাঁহাতি স্পিনার সামিউন বশির রাতুলের বলে লেগ বিফোর উইকেট হয়েছেন তিনি। ৭২ রানের ইনিংস খেলে আউট হয়েছেন টিগার। এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে যুক্তরাষ্ট্রের ব্যাটিং অর্ডার।

রিজওয়ানের পেস তোপে শ্যুড ও টিগার ফেরার পর বাকিদের কেউই দাঁড়াতে পারেননি। সর্বোচ্চ ১০ রান এসেছে সলোমন্সের ব্যাট থেকে। শেষের ব্যাটিং ধসে মাত্র ১৬৬ রানে অল আউট হয় যুক্তরাষ্ট্র। অর্থাৎ শেষ ৪০ রানে ৯ উইকেট হারায় তারা। বাংলাদেশ ইমার্জিংয়ের হয়ে চারটি উইকেট নিয়েছেন রিজওয়ান। দুইটি করে উইকেট পেয়েছেন বর্ষন ও বিপ্লব।

আরো পড়ুন: