চট্টগ্রামে ‘হিট আউট’ কাণ্ড, নিষিদ্ধ ৭ ক্রিকেটার

বাংলাদেশ ক্রিকেট
ফেসবুক থেকে পাওয়া ছবি
ফেসবুক থেকে পাওয়া ছবি
ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট
ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট
ক্রিসেন্ট ক্লাবের অভিযোগের প্রেক্ষিতে ইভান রহমানকে মাঠ থেকে বের করে দেন ম্যাচ অফিসিয়ালসরা। সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে ‘হিট আউট’ হয়েছিলেন বাকলিয়া একাদশের ৭ ব্যাটার। ‘ক্রিকেট অব স্পিরিট’ বহির্ভূত হওয়ায় বাকলিয়ার সাত ক্রিকেটারকে নিষিদ্ধ করেছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস)।

বাকলিয়ার সাকিব হোসেন, ওবায়দুল আলম, ওমর ফারুক, তীর ধার, মাহির আনোয়ার, মোহাম্মদ ইকবাল এবং নাজমুল ইসলাম ‘হিট আউট’ হয়েছিলেন। তাদের সবাইকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে সিজেকেএস। নিষিদ্ধ হওয়া ক্রিকেটাররা ক্রীড়া সংস্থার ক্রিকেটীয় কার্যক্রমে অংশ নিতে পারবেন না। অনিবন্ধনের অভিযোগ ওঠা ইভানকে ২ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

এ ছাড়া বাকলিয়ার কোচ আমিনুল হক নিষিদ্ধ হয়েছেন ৫ বছরের জন্য। ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন আব্দুল হান্নান আকবর। সিজেকেএসের ক্রিকেট কমিটির সাবেক সম্পাদক বলেন, ‘হ্যাঁ, হিট আউট হওয়া ৭ জনকে এক বছর, ইভান ২ বছর এবং কোচ আমিনুলকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তারা সিজেকেএসের কোনো ইভেন্টে অংশ নিতে পারবে না।’

ঘটনাটি ঘটেছে, ৩ এপ্রিল সিজেকেএসের ট্যালেন্ট কাপ টুর্নামেন্টের পঞ্চম রাউন্ডের ‘সি’ গ্রুপের ম্যাচে। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ক্রিসেন্ট। প্রথম ইনিংসের পঞ্চম ওভারের সময় ইভানের নিবন্ধন নেই বলে অভিযোগ তোলে ক্লাবটি। যদিও ম্যাচ অফিসিয়ালসদের কাছে রেজিস্ট্রেশনের কাগজ-পত্র ছিল।

জানা গেছে, অনিবন্ধনের বিষয়টি আরও পুরনো। চট্টগ্রাম জেলা দলের হয়ে খেলার সময় কোচের সঙ্গে অসদাচরণ করেছিলেন ইভান। সেই ঘটনায় বাকলিয়ার ওপেনারের নিবন্ধন স্থগিত রাখে সিজেকেএস। সেটা জানার পরই মূলত অভিযোগ জানায় ক্রিসেন্ট। যার ফলে প্রায় মিনিট বিশেকের মতো ম্যাচ বন্ধ থাকে।

দশম ওভারের সময় সিদ্ধান্ত নেয়া হয় ইভান শুধু ফিল্ডিং করতে পারবেন। ব্যাটিং কিংবা বোলিংয়ের অনুমতি না থাকার পরও ১৭০ রানের লক্ষ্য তাড়ায় ওপেনিং পাঠানো হয় ইভানকে। ইনিংসের দ্বিতীয় ওভারে তাকে নিয়ে আবারও বিতর্ক তৈরি হয়। এমন অবস্থায় ইভানকে মাঠ থেকে বের করে দেয়া হয়।

সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে বাকি ব্যাটাররা ক্রিজে এসে একের পর এক ‘হিট আউট’ হতে থাকেন। বড় লক্ষ্য তাড়ায় বাকলিয়া অল আউট হয়েছে মাত্র ২৩ রানে। ক্রিসেন্টের বিপক্ষে ১৪৬ রানে হারতে হয়েছে বাকলিয়াকে। পরবর্তীতে তদন্ত কমিটি গঠন করে তাদেরকে সবাইকে শাস্তির আওতায় এনেছে সিজেকেএস।

আরো পড়ুন: